
কলকাতা, ২১ আগস্ট (হি.স.): ব্যাট হাতে ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট একের পর এক রেকর্ড গড়ে টেস্ট ক্রিকেটে নিজের অবস্থান আরও শক্ত করছেন।
বৃহস্পতিবার হেডিংলিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ফিফটি করে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের একটি বিশেষ রেকর্ডে ভাগ বসিয়েছেন রুট।
ম্যাচে ৬৬ রানের ইনিংস খেলে টেস্ট কেরিয়ারে নিজের ৬৮তম অর্ধশতক পূর্ণ করেন রুট। এর ফলে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ফিফটির তালিকায় শচীনের সমকক্ষ হয়েছেন এই ইংলিশ ব্যাটার। শচীন তার কেরিয়ারে ৬৮টি ফিফটি করেছিলেন।
তবে এই কীর্তি গড়তে রুটের ইনিংস সংখ্যা ছিল ৩০৫টি আর ৩২৯ ইনিংস লেগেছিল শচীন টেন্ডুলকারের।
তালিকায় এর পরেই রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দরপল, যার ঝুলিতে আছে ৬৬টি ফিফটি। এছাড়া ৬৩টি করে ফিফটি নিয়ে যৌথভাবে পরের অবস্থানে আছেন অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার ও ভারতের রাহুল দ্রাবিড়।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি