
বীরভূম, ২১ আগস্ট (হি.স.): আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন নানুরের উচকরণ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা শহিদুল আলম ওরফে ফুলবাবু। বৃহস্পতিবার রাতে নানুর থানার পুলিশ উচকরণ গ্রামে তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে।
জানা গেছে, উচকরণ গ্রামের এক বাসিন্দা অভিযোগ করেন যে, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার বদলে তাঁর কাছ থেকে জোর করে কাটমানি নেওয়া হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযান চালিয়ে উপপ্রধানকে হেফাজতে নেয়। শুক্রবার সকালে ধৃতকে বোলপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
এদিকে, এই গ্রেফতারি নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। অভিযুক্ত তৃণমূল নেতার পরিবার এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাঁদের অভিযোগ, রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছেন শহিদুল| নানুর থানার পুলিশ ঘটনার তদন্ত করছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ