
কলকাতা, ২১ অগস্ট (হি. স.) : রক্তে মিশে থাকা বিষই শুধু নয়, মানুষের ‘ব্যান্ডউইথ’-এ ঢুকে পড়া বিষও আজ বড় বিপদ - ডিজিটাল আসক্তি এবং বিষাক্ত সম্পর্ককে এ ভাবেই ব্যাখ্যা করলেন পদ্মশ্রী ডা. মুকেশ বাত্রা। শুক্রবার কলকাতায় স্বামী শৈলেন্দ্র সরস্বতীর সঙ্গে যৌথভাবে লেখা তাঁর বই ‘TOXIC’-এর প্রকাশ অনুষ্ঠানে এই প্রসঙ্গে বিশদে কথা বলেন তিনি।
শহরের সৃজনশীল ও সাহিত্যজগতের বহু বিশিষ্টজনের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানটি ছিল মরসুমের অন্যতম আলোচিত সাহিত্যসন্ধ্যা। প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত। আলোচনার সঞ্চালনায় ফালক রশিদ রায় এবং বিশেষ অতিথি অনুজা রায়।
আলোচনায় ডা. বাত্রা বলেন, ‘‘টক্সিসিটি শুধু রক্তে মেশে না, আমাদের ব্যান্ডউইথেও ঢোকে।’’ তাঁর দাবি, ডিজিটাল আসক্তি এখন জনস্বাস্থ্যের জন্যও উদ্বেগের বিষয়। অতিরিক্ত স্ক্রিন-নির্ভরতা, জীবনযাপনের চাপ এবং বিষাক্ত সম্পর্ক মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে। এই সব সমস্যা থেকে ভারসাম্য খুঁজে পেতে বইটি পাঠককে সাহায্য করবে বলেও জানান তিনি।
অভিনেত্রী দেবলীনা এই প্রসঙ্গে বলেন, মানুষ কী ভাবে নিজেকে, সম্পর্ককে এবং চারপাশের জগতকে দেখে, তার উপর সংস্কৃতির গভীর প্রভাব রয়েছে। শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক ও আবেগের ক্ষেত্রেও কী গ্রহণ করছি, তা ভাবা জরুরি।
এদিন পরিশেষে ছিল বইয়ে স্বাক্ষর এবং পাঠকদের সঙ্গে লেখকের আলাপচারিতা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত