
কলকাতা, ২১ আগস্ট (হি.স.): অন্নপূর্ণা প্রকল্পের ৩ হাজার টাকা অ্যাকাউন্টে না ঢোকায় শুক্রবার রাজ্যের একাধিক জেলায় ক্ষোভে ফেটে পড়লেন মহিলারা। পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি, মালদহ, হুগলি ও বাঁকুড়া-সহ বিভিন্ন এলাকায় বিডিও অফিস ও সরকারি দফতরের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। কোথাও রাস্তা অবরোধ করা হয়, আবার উত্তর ২৪ পরগনার বিরাটিতে মহিলাদের রেললাইনে নেমে বিক্ষোভ দেখানোর খবরও পাওয়া গিয়েছে।
পশ্চিম মেদিনীপুরের দাঁতন-২ ব্লকে কয়েকশো মহিলা ব্লক অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। পরে বেলদা-এগরা রাজ্য সড়ক অবরোধ করেন তাঁরা। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার পর অবরোধ ওঠে। প্রশাসনিক বৈঠক চলাকালীন মহিলাদের বিক্ষোভের জেরে মন্ত্রী অগ্নিমিত্রা পালকেও বৈঠক ছেড়ে আন্দোলনকারীদের কাছে যেতে হয়।
জলপাইগুড়ির রাজগঞ্জে বিডিও অফিসের মূল ফটক ও সংলগ্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান মহিলারা। শিলিগুড়িতেও পুরসভা দফতরের সামনে বিক্ষোভ হয়। আন্দোলনকারীদের অভিযোগ, প্রকল্পের জন্য আবেদন করা সত্ত্বেও তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। সমস্যার সমাধানের আশায় বারবার সরকারি দফতরে গিয়েও কোনও সুরাহা হয়নি বলে দাবি তাঁদের।
মালদহের চাঁচলে বিডিওর সঙ্গে দেখা না হওয়ায় ক্ষোভ আরও তীব্র হয়। নেতাজি মোড়ে ৩১ নম্বর জাতীয় সড়কের সঙ্গে রাজ্য সড়কের সংযোগস্থল প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন মহিলারা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। তাঁদের দাবি, ১৭ আগস্ট থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ৩ হাজার টাকা করে দেওয়া শুরু হলেও চাঁচলের বহু উপভোক্তা এখনও সেই টাকা পাননি।
হুগলির উত্তরপাড়া, শ্রীরামপুর, আরামবাগ ও গোঘাটেও টাকা পাওয়ার দাবিতে বিক্ষোভ হয়েছে। উত্তরপাড়ায় জিটি রোড অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়। বাঁকুড়ার বড়জোড়ায় বিডিও অফিসের সামনে বহু মহিলা বিক্ষোভ দেখান। প্রশাসনের তরফে সন্তোষজনক জবাব না মেলায় পরে দুর্গাপুর-বাঁকুড়া রাজ্য সড়কে শুয়ে পড়ে প্রতিবাদ জানান তাঁরা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, তাঁরা প্রকল্পের জন্য যোগ্য হওয়া সত্ত্বেও টাকা পাচ্ছেন না। অথচ তাঁদের দাবি, কিছু ক্ষেত্রে অযোগ্য উপভোক্তারাও প্রকল্পের টাকা পাচ্ছেন। যদিও বাঁকুড়া জেলা প্রশাসনের দাবি, ১৮ আগস্ট পর্যন্ত জেলায় প্রায় ৮.৭৭ লক্ষ মহিলার অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছে দেওয়া হয়েছে। দেরিতে জমা পড়া আবেদনগুলির যাচাই প্রক্রিয়াও চলছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
একই দিনে একাধিক জেলায় উপভোক্তাদের বিক্ষোভে অন্নপূর্ণা প্রকল্পের আবেদন, যাচাই ও টাকা পৌঁছনোর প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। যোগ্য মহিলাদের দ্রুত টাকা দেওয়ার পাশাপাশি তাঁদের আবেদনের বর্তমান অবস্থাও স্পষ্ট করার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য