
আগরতলা, ২১ আগস্ট (হি.স.) : বিভিন্ন ক্যাটাগরির দিনমজুর ও নির্মাণ শ্রমিকদের সহজে কাজে যুক্ত করার লক্ষ্যে চালু হল ডিজিটাল লেবার চক অ্যাপ। শুক্রবার আগরতলায় শ্রম ভবনের কনফারেন্স হলে অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাপের উদ্বোধন করেন রাজ্যের শ্রমমন্ত্রী টিংকু রায়। নতুন এই ব্যবস্থার ফলে বাড়িতে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী শ্রমিক নির্বাচন করা সম্ভব হবে। একই সঙ্গে শ্রমিকদের দক্ষতা ও কাজের অভিজ্ঞতা সম্পর্কেও সহজেই তথ্য পাওয়া যাবে।
এদিনের অনুষ্ঠানে বোতাম টিপে ডিজিটাল লেবার চক অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রমমন্ত্রী। অ্যাপটি চালুর পর শ্রম দফতরের ব্লক ও জেলা পর্যায়ের ইন্সপেক্টর এবং আধিকারিকদের নিয়ে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্পের বিভিন্ন কাজকর্ম এবং শ্রমিকদের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।
শ্রম দফতর সূত্রে জানা যায়, ডিজিটাল লেবার চক অ্যাপে বিভিন্ন নির্মাণ শ্রমিকের প্রোফাইল থাকবে। সেখানে সংশ্লিষ্ট শ্রমিক কোন ধরনের কাজে দক্ষ, তাঁর কাজের ধরনসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ থাকবে। ফলে কোনও ব্যক্তি বা নির্মাণ সংস্থার নির্দিষ্ট ধরনের শ্রমিকের প্রয়োজন হলে অ্যাপের মাধ্যমে দক্ষ শ্রমিক খুঁজে নেওয়া সম্ভব হবে। এর ফলে শ্রমিকদের কাজ পাওয়ার সুযোগ যেমন বাড়বে, তেমনি নিয়োগকারীদেরও প্রয়োজনীয় দক্ষ শ্রমিক খুঁজে পেতে সময় ও শ্রম কমবে।
পর্যালোচনা বৈঠকে রাজ্যের বিভিন্ন এলাকায় শ্রমিকদের জন্য লেবার চক নির্মাণের বিষয়টিও গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। শ্রমমন্ত্রী টিংকু রায় জানান, নির্মাণ শ্রমিকদের জন্য রাজ্যের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে লেবার চক গড়ে তোলা হবে। এসব লেবার চকে শ্রমিকদের বসার ব্যবস্থা, বাথরুম, টয়লেটসহ প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ-সুবিধা রাখা হবে। কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের যাতে রাস্তায় বা খোলা জায়গায় অবস্থান করতে না হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকদের জন্য ডিজিটাল লেবার চক অ্যাপ একটি সহজ ও সরল ব্যবস্থা হিসেবে কাজ করবে। এর মাধ্যমে একদিকে যেমন শ্রমিকদের দক্ষতা অনুযায়ী কাজের সুযোগ তৈরি হবে, অন্যদিকে নিয়োগকারীরাও তাঁদের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত শ্রমিক বেছে নিতে পারবেন। বিশেষ করে নির্মাণ ক্ষেত্রের বিভিন্ন কাজে দক্ষ শ্রমিকদের একটি সংগঠিত ডিজিটাল প্রোফাইল তৈরি হওয়ায় কর্মসংস্থানের ক্ষেত্রে এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
এদিন শ্রমমন্ত্রী আরও জানান, উদয়পুরে শ্রমিকদের বসার জন্য লেবার চক নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। ঊনকোটি জেলায় লেবার চক নির্মাণের জন্য স্থান নির্বাচন করা হয়েছে। পাশাপাশি রাজধানী আগরতলাতেও একাধিক লেবার চক নির্মাণের পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে রাজ্যের অন্যান্য এলাকাতেও এই ধরনের পরিকাঠামো গড়ে তোলা হবে।
শ্রম দফতরের আধিকারিকদের নিয়ে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকে নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্পের অগ্রগতি, শ্রমিকদের জন্য বিভিন্ন পরিষেবা এবং মাঠপর্যায়ে প্রকল্পগুলির বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং লেবার চক নির্মাণ—এই দুই উদ্যোগের মাধ্যমে রাজ্যের অসংগঠিত ও নির্মাণ শ্রমিকদের কর্মসংস্থান এবং কল্যাণমূলক পরিষেবা আরও সহজ ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ