
বাঁকুড়া, ২২ আগস্ট (হি. স.): পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। গুরুতর জখম আরও এক যুবক হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় গঙ্গাজলঘাটি থানার কলগোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে । শনিবার পুলিশ জানিয়েছে মৃতের নাম কাঞ্চন কুন্ডু (৩৫)। বাড়ি স্থানীয় দুবেরডাঙা গ্রামে। জানা গেছে সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ দুর্লভপুর-বড়জোড়া শিল্প করিডোরে কলগোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কাছে রাস্তার উপরই একটি লরি দাঁড়িয়ে ছিল। দুর্লভপুর দিক থেকে কাঞ্চন কুন্ডু বাইকে চেপে বড়জোড়ার দিকে যাচ্ছিলেন। তার সঙ্গে ছিলেন তারই আত্মীয় মেজিয়া থানার সুখাবাইদ গ্রামের বাসিন্দা তাপস আখুলি। আলো কম থাকায় বাইক চালক কাঞ্চন বুঝতে পারেননি রাস্তার বাম দিকে লরিটি পার্কিং করেছে। তিনি সজোরে গিয়ে লরির পিছনে ধাক্কা মারে। তারা দুজনেই রাস্তার ছিটকে পড়ে গুরুতরভাবে জখম হন। সঙ্গে তাদের উদ্ধার করে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখানে কাঞ্চন কুন্ডুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রাথমিক চিকিৎসার পর জখম তাপসকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লরিটি পার্কিং করে চালক ও খালাসি চা খেতে যায়। কিন্তু লরির ইন্ডিকেটর বা পর্যাপ্ত সতর্কতামূলক আলো জ্বালিয়ে না যাওয়াতেই এই দুর্ঘটনা।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট