
নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.): শনিবার অল ইন্ডিয়া আয়ুষ পোস্টগ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামিনেশন (এআইএপিজিইটি)-এর জয়পুরের একটি পরীক্ষাকেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাট হয়| পরীক্ষা সম্পন্ন করতে না পারা ৪৯ জন পরীক্ষার্থীর জন্য পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। আগামী ১ সেপ্টেম্বর সকাল ১০টায় জয়পুরের 'রাজস্থান কলেজ অব ইঞ্জিনিয়ারিং ফর উইমেন'-এ সেই পরীক্ষা পুনরায় হবে।
এনটিএ-র সূত্রে জানা গেছে, এআইএপিজিইটি-২০২৬-এর প্রথম শিফটের জন্য মোট ৩৬ হাজার ৯৭৯ জন পরীক্ষার্থী নিবন্ধন করেছিলেন। এদের মধ্যে ৩৫ হাজার ৮৩৭ জন দেশব্যাপী ২০০টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিয়েছেন। তার মধ্যে মোট ৩৫ হাজার ৭৮৮ জন পরীক্ষার্থী তাদের পরীক্ষা সম্পন্ন করতে পেরেছেন।
জয়পুরের শ্রী সত্য সাই পিজি কলেজের পরীক্ষাকেন্দ্রে ১৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন। তবে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে ৪৯ জন পরীক্ষার্থী তাদের পরীক্ষা সম্পন্ন করতে পারেননি। এনটিএ জানিয়েছে, এই বিদ্যুৎ বিভ্রাট পরীক্ষা পরিচালনাকারী সংস্থা, মেসার্স এডুকুইটি কেরিয়ার টেকনোলজিস প্রাইভেট লিমিটেড-এর সঙ্গে সম্পর্কিত। যেসব পরীক্ষার্থী পরীক্ষা সম্পন্ন করতে পারেনি, তাদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এনটিএ। জানিয়েছে, পুনরায় পরীক্ষার জন্য সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের সংশোধিত অ্যাডমিট কার্ড দেওয়া হবে| সেখানে পরীক্ষাকেন্দ্র সম্পর্কিত এবং অন্যান্য প্রয়োজনীয় বিবরণ থাকবে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ