শিশুদের তথ্য নিয়ে টিকটকের বিরুদ্ধে পদক্ষেপ, ৪০ কোটি ডলারে সমঝোতা
ওয়াশিংটন, ২২ আগস্ট (হি.স.) : শিশুদের অনলাইন গোপনীয়তা সংক্রান্ত মামলা মেটাতে টিকটক এবং তার মূল সংস্থা বাইটড্যান্স মার্কিন বিচার দফতরকে ৪০ কোটি ডলার দিতে সম্মত হয়েছে। মার্কিন বিচার দফতর এই সমঝোতাকে শিশু ও তাঁদের অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ ব
শিশুদের তথ্য নিয়ে টিকটকের বিরুদ্ধে পদক্ষেপ, ৪০ কোটি ডলারে সমঝোতা


ওয়াশিংটন, ২২ আগস্ট (হি.স.) : শিশুদের অনলাইন গোপনীয়তা সংক্রান্ত মামলা মেটাতে টিকটক এবং তার মূল সংস্থা বাইটড্যান্স মার্কিন বিচার দফতরকে ৪০ কোটি ডলার দিতে সম্মত হয়েছে। মার্কিন বিচার দফতর এই সমঝোতাকে শিশু ও তাঁদের অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছে।

জানা গেছে , সমঝোতা অনুযায়ী টিকটক অবিলম্বে বিচার দফতরকে ৩০ কোটি ডলার দেবে। বাকি ১০ কোটি ডলার দেওয়া হবে আদালত টিকটকের পুরনো সংস্করণ ‘মিউজিক্যালি’-সংক্রান্ত আগের সম্মতিনামা বাতিল করার পর।

মার্কিন বিচার দফতর ২০২৪ সালে টিকটক ও বাইটড্যান্সের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। অভিযোগ ছিল, প্ল্যাটফর্মটি শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষা আইন (কপ্পা) লঙ্ঘন করেছে।

মামলায় অভিযোগ করা হয়, টিকটক ১৩ বছরের কম বয়সি শিশুদের অ্যাকাউন্ট খোলার অনুমতি দিয়েছিল। এমনকি অভিভাবকদের অনুরোধ সত্ত্বেও সংশ্লিষ্ট অ্যাকাউন্ট এবং ব্যক্তিগত তথ্য মুছে ফেলতে ব্যর্থ হয়েছিল সংস্থাটি।

মার্কিন বিচার দফতরের অ্যাসোসিয়েট অ্যাটর্নি জেনারেল স্ট্যানলি উডওয়ার্ড জুনিয়র বলেন, এই সমঝোতা মার্কিন শিশু ও অভিভাবকদের জন্য বড় জয়। শিশুদের অনলাইনে নিরাপদ রাখা এবং সংস্থাগুলিকে তাদের আইনি দায়িত্ব পালনে বাধ্য করাই দফতরের অগ্রাধিকার বলেও জানান তিনি।

বিচার দফতরের দাবি, মামলা দায়েরের পর টিকটক তাদের মালিকানা কাঠামো, পরিচালন ব্যবস্থা, আইন মেনে চলার প্রক্রিয়া এবং গোপনীয়তা সংক্রান্ত নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন করেছে। দফতর জানিয়েছে, বর্তমানে আমেরিকায় টিকটকের ব্যবসা ‘টিকটক ইউএসডিএস’ যৌথ উদ্যোগের নিয়ন্ত্রণে রয়েছে। এই সংস্থায় মার্কিন বিনিয়োগকারীদের সংখ্যাগরিষ্ঠ অংশীদারি রয়েছে।

জাতীয় নিরাপত্তা এবং তথ্যের গোপনীয়তা নিয়ে টিকটক ও বাইটড্যান্স দীর্ঘদিন ধরেই আমেরিকায় তদন্তের আওতায় রয়েছে। ২০২৪ সালে পাস হওয়া একটি মার্কিন আইনে বাইটড্যান্সকে টিকটকে তাদের অংশীদারি বিক্রি করা অথবা আমেরিকায় অ্যাপটি নিষেধাজ্ঞার মুখে পড়ার বিকল্প দেওয়া হয়েছিল।

বাইটড্যান্সের সঙ্গে চিনের সম্পর্কও মার্কিন কর্তৃপক্ষের উদ্বেগের অন্যতম কারণ। টিকটকের মাধ্যমে মার্কিন ব্যবহারকারীদের তথ্য চিনা সরকারের হাতে পৌঁছতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে এসেছে আমেরিকা। যদিও টিকটক ও বাইটড্যান্স এই অভিযোগ অস্বীকার করেছে।

নতুন সমঝোতা অনুযায়ী ৪০ কোটি ডলার অর্থপ্রদান এবং গোপনীয়তা সংক্রান্ত ব্যবস্থায় পরিবর্তনকে এই দীর্ঘদিনের বিতর্ক মেটানোর পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande