সাতসকালেই বাড়ির ভিতর বিশালাকার অজগর, আতঙ্ক কাঁকসার আলিনগরে
কাঁকসা, ২২ আগস্ট (হি.স.): সাতসকালে বাড়ির ভিতর ঢুকে পড়ল প্রায় ৬ থেকে ৭ ফুট লম্বা বিশালাকার অজগর। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় পশ্চিম বর্ধমানের কাঁকসার গড় জঙ্গলের আলিনগর এলাকায়। বাড়ির ভিতরে আচমকা এত বড় সাপ দেখতে পেয়ে আতঙ
অজগর


কাঁকসা, ২২ আগস্ট (হি.স.): সাতসকালে বাড়ির ভিতর ঢুকে পড়ল প্রায় ৬ থেকে ৭ ফুট লম্বা বিশালাকার অজগর। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় পশ্চিম বর্ধমানের কাঁকসার গড় জঙ্গলের আলিনগর এলাকায়। বাড়ির ভিতরে আচমকা এত বড় সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে আলিনগর এলাকার একটি বাড়ির ভিতরে আচমকাই অজগরটিকে দেখতে পান পরিবারের সদস্যরা। বাড়ির ঘরের মধ্যে বিশালাকার সাপটি দেখে আতঙ্কে অনেকেই ঘর থেকে বেরিয়ে আসেন। এরপর দ্রুত বন দফতরে খবর দেওয়া হয়।

খবর পেয়ে দুর্গাপুর রেঞ্জের মলানদিঘী বিটের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। দীর্ঘক্ষণ ধরে সতর্কতার সঙ্গে চেষ্টা চালানোর পর অজগরটিকে উদ্ধার করেন তাঁরা। সাপটি যাতে কোনওভাবে আহত না হয় এবং পরিবারের সদস্যদেরও কোনও বিপদ না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখেন বনকর্মীরা।

অজগরটি নিরাপদে উদ্ধার হওয়ায় স্বস্তি ফেরে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ৬ থেকে ৭ ফুট। পরে বন দফতরের কর্মীরা সাপটিকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande