
কলকাতা, ২২ আগস্ট (হি. স.) : পূর্ব রেলের নিরাপত্তা পরিকাঠামো আরও জোরদার করতে বালিগঞ্জ আরপিএফ পোস্ট পরিদর্শন করে একাধিক নির্দেশ দিলেন পূর্ব রেলের আইজি-কাম-পিসিএসসি এ এন সিনহা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ দফতরের তরফেও শনিবার জানানো হয়েছে যে, - চলতি মাসের গত ১৮ আগস্টের ওই পরিদর্শনে নিরাপত্তা সম্মেলনের সভাপতিত্বও করেন তিনি। যাত্রী সুরক্ষা, স্টেশন নজরদারি এবং রেল সম্পত্তি রক্ষায় প্রতিরোধমূলক পুলিশিংয়ের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ছোটখাটো ঘটনাকেও গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্টেশন ও প্ল্যাটফর্মে আরপিএফের দৃশ্যমানতা বাড়ানোর পাশাপাশি মহিলা যাত্রীদের সহায়তায় মহিলা আরপিএফ কর্মীদের নিয়ে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ চালুর নির্দেশ দিয়েছেন পোস্ট কমান্ডারকে।
সেইসঙ্গে - আন্ডারপাস, ফুট ওভারব্রিজ এবং সাবওয়েতে সিসিটিভি নজরদারি বাড়ানোর পাশাপাশি সব ক্যামেরা সচল রয়েছে কি না, তা নিয়মিত পরীক্ষা ও সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে। ভিড়ের জায়গায় মোবাইল চুরি, ছিনতাই ও পকেটমারি ঠেকাতে তল্লাশি এবং লাগেজের আচমকা পরীক্ষা বাড়ানো হবে।
স্টেশন চত্বর হকারমুক্ত রাখতে রেলওয়ে আইনের ১৪৩ ধারায় অননুমোদিত হকারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি অনুমোদনহীন যানবাহনের বিরুদ্ধেও পদক্ষেপের কথা বলা হয়েছে। নিউ আলিপুরে সিসিটিভি ফুটেজের সাহায্যে সিগন্যাল সামগ্রী চুরির ঘটনা উদ্ধারে ভূমিকার জন্য কনস্টেবল রাজমানি কুমারকে প্রশংসিত করা হয়েছে ।
এর প্রেক্ষিতেই পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, আধুনিক নিরাপত্তা পরিকাঠামো ও সক্রিয় নজরদারির মাধ্যমে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করাই পূর্ব রেলের অঙ্গীকার।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত