
মালদা, ২২ আগস্ট (হি.স.): ঘরবাড়ি ও রুটিরুজির জায়গা উচ্ছেদের হুঁশিয়ারি এবং জল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ তুলে মালদা জেলা বিজেপি কার্যালয়ে বিক্ষোভ দেখালেন শতাধিক মহিলা। ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিজেপি কার্যালয় চত্বরে উত্তেজনা ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজারের রেল কলোনি এলাকায় দীর্ঘ ৩০ থেকে ৪০ বছর ধরে কয়েক হাজার পরিবার বসবাস করে আসছেন। অভিযোগ, কোনও লিখিত নোটিশ না দিয়েই শুক্রবার রেলের তরফে মাইকিং করে আগামী সোমবারের মধ্যে বাড়িঘর ও দোকানপাট ভেঙে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে না সরলে রেলের তরফে বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে উচ্ছেদ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে অভিযোগ।
বিক্ষোভকারী মহিলাদের আরও অভিযোগ, ইতিমধ্যেই এলাকায় জল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। একদিকে অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে হয়রানির অভিযোগ, অন্যদিকে উচ্ছেদের আশঙ্কা—দুই সমস্যায় ক্ষোভ আরও বেড়েছে।
বিক্ষোভকারীদের দাবি, ভোটের আগে বিজেপির তরফে তাঁদের আশ্বাস দেওয়া হয়েছিল, উচ্ছেদের ক্ষেত্রে প্রতিটি পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। কিন্তু বর্তমানে কোনও নোটিশ ছাড়াই দ্রুত বাড়িঘর সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই অভিযোগেই বাধ্য হয়ে বিজেপি কার্যালয়ে এসে বিক্ষোভে সামিল হন মহিলারা। তাঁদের দাবি, অবিলম্বে উচ্ছেদ বন্ধ করে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়