মুর্শিদাবাদের দুই এলাকায় পুলিশের অভিযান, উদ্ধার ১০ আগ্নেয়াস্ত্র ও ২২৬ রাউন্ড গুলি
মুর্শিদাবাদ, ২২ আগস্ট (হি.স.): মুর্শিদাবাদ জেলার বহরমপুর ও শক্তিপুর থানা এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও তাজা কার্তুজ উদ্ধার করল পুলিশ। শুক্রবার রাতে এই অভিযানে মোট ১০টি আগ্নেয়াস্ত্র, ১১টি ম্যাগাজিন এবং ২২৬ রাউন্ড গুলি
আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার


মুর্শিদাবাদ, ২২ আগস্ট (হি.স.): মুর্শিদাবাদ জেলার বহরমপুর ও শক্তিপুর থানা এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও তাজা কার্তুজ উদ্ধার করল পুলিশ। শুক্রবার রাতে এই অভিযানে মোট ১০টি আগ্নেয়াস্ত্র, ১১টি ম্যাগাজিন এবং ২২৬ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। পৃথক দুই ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে বহরমপুর থানার পুলিশ শহর যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষকে জিজ্ঞাসাবাদ করে। পরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে ৭টি বেআইনি আগ্নেয়াস্ত্র, ৫টি ম্যাগাজিন এবং ১৮৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। শাসকদলের নেতার বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

অন্যদিকে, শক্তিপুর থানা এলাকায় এক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আরও দু’জনের সন্ধান পায় পুলিশ। বাজারসৌ এলাকায় রাজ্যসড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, ৬টি ম্যাগাজিন ও ৪০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অস্ত্রগুলি বিহারের মুঙ্গের থেকে আনা হয়েছিল। আজিমগঞ্জ হয়ে বাজারসৌ স্টেশনে নামার পর রামনগর যাওয়ার পথে তাঁদের আটক করা হয়। অস্ত্রগুলি কোথায় পাচার করার পরিকল্পনা ছিল এবং এই চক্রে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande