মার্কুইস স্ট্রিটে অগ্নিনিরাপত্তা নিয়ে অভিযান, বন্ধ ছ’টি গেস্ট হাউস
কলকাতা, ২২ আগস্ট (হি.স.): কলকাতার মার্কুইস স্ট্রিটে একাধিক হোটেল ও গেস্ট হাউসে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শনিবার পরিদর্শনের পর অগ্নিনিরাপত্তার প্রয়োজনীয় অনুমোদন না থাকায় ছ’টি গেস্ট হাউ
অগ্নিমিত্রা পাল


কলকাতা, ২২ আগস্ট (হি.স.): কলকাতার মার্কুইস স্ট্রিটে একাধিক হোটেল ও গেস্ট হাউসে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শনিবার পরিদর্শনের পর অগ্নিনিরাপত্তার প্রয়োজনীয় অনুমোদন না থাকায় ছ’টি গেস্ট হাউস বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই গেস্ট হাউসগুলির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানা গিয়েছে।

মন্ত্রী জানান, বন্ধ করে দেওয়া গেস্ট হাউসগুলির কর্তৃপক্ষ ফায়ার লাইসেন্সের জন্য আবেদনই করেননি। প্রতিটি গেস্ট হাউসে ছয় থেকে সাতটি করে ঘর রয়েছে এবং পরিদর্শনের সময় কয়েকটি ঘরে অতিথিরাও ছিলেন বলে জানান তিনি। অগ্নিনিরাপত্তার নিয়ম না মানায় প্রশাসনের তরফে কড়া পদক্ষেপ করা হয়েছে।

এদিন মার্কুইস স্ট্রিটের পাশাপাশি আরও কয়েকটি হোটেল পরিদর্শন করেন দমকল ও পুরসভার আধিকারিকেরা। মঙ্গলবার গভীর রাতে নিউ মার্কেট এলাকার ‘শিখা-ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ন’জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে সাতজন বাংলাদেশের নাগরিক। ঘটনার পর থেকেই নিউ মার্কেট ও আশপাশের হোটেলগুলিতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে জোরদার অভিযান শুরু করেছে প্রশাসন।

শুক্রবার পুরসভা ও দমকলের যৌথ অভিযানে নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করা হয়েছিল। শনিবার আরও ছ’টি গেস্ট হাউস বন্ধ করা হল। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত হোটেল মালিক বীরেশ্বর মিত্র এখনও নিখোঁজ বলে জানা গিয়েছে। পাশাপাশি মৃত পাঁচজনের দেহ পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়াও চলছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande