
লখনউ, ২২ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশে ‘স্কুল ঠিক করো’ অভিযান শুরু করলেন আম আদমি পার্টির উত্তর প্রদেশের দায়িত্বপ্রাপ্ত নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। শনিবার লখনউয়ে দলের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই অভিযানের সূচনা করেন তিনি। একই সঙ্গে বিশেষ হেল্পলাইন নম্বর ৮৩৮২৯২৮০০৯ চালু করা হয়েছে।সঞ্জয় সিং সাধারণ মানুষের কাছে আবেদন করেন, নিজেদের এলাকার বেহাল সরকারি স্কুল, জল জমার সমস্যা, ভাঙা রাস্তা এবং মিড-ডে মিলে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগের ভিডিয়ো করে ওই হেল্পলাইন নম্বরে পাঠাতে। তাঁর দাবি, এই তথ্যের ভিত্তিতে রাজ্যের বিভিন্ন এলাকার স্কুলগুলির বাস্তব পরিস্থিতি সামনে আনা হবে।
সাংবাদিক বৈঠকে সঞ্জয় বলেন, রাজনীতি এখন জাতপাত ও ধর্মের গণ্ডি পেরিয়ে শিক্ষা ও কর্মসংস্থানের দিকে এগোচ্ছে। তাঁর মতে, এটি দেশের উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত। এদিন তথাকথিত ‘অপারেশন কায়াকল্প’-এর মাধ্যমে স্কুলগুলির চেহারা বদলের সরকারি দাবিকে প্রশ্ন তুলে ৫৫টি সরকারি স্কুলের ভিডিয়ো দেখান তিনি।
সঞ্জয়ের দাবি, বারাণসী, গোরক্ষপুর, নয়ডা, গাজিয়াবাদ, আলিগড় এবং মহোবার মতো জেলার বিভিন্ন সরকারি স্কুলের ছাদ দিয়ে জল পড়ছে। কোথাও শৌচাগার ভাঙাচোরা, আবার কোথাও পড়ুয়াদের বসার জন্য পর্যাপ্ত ডেস্ক-বেঞ্চও নেই বলে অভিযোগ করেন তিনি।
সাংসদ বলেন, বাবাসাহেব আম্বেদকর শিক্ষাকে ‘সিংহীর দুধ’-এর সঙ্গে তুলনা করেছিলেন। কিন্তু বিজেপি চায়, দরিদ্র পরিবারের সন্তানরা অশিক্ষিত থাকুক, যাতে তারা নিজেদের অধিকারের জন্য সরব হতে না পারে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিশানা করে তাঁর অভিযোগ, ধর্মের নামে বিভাজনের রাজনীতি করে ভোট পাওয়া যায় বলে সরকার মনে করছে। তাই স্কুল ও রাস্তার উন্নয়নের পরিবর্তে সমাজকে বিভক্ত করার রাজনীতিতে জোর দেওয়া হচ্ছে।
সঞ্জয় সিং জানান, রাজ্যজুড়ে বেহাল সরকারি স্কুলগুলির ‘প্রদর্শনী’ করবে আম আদমি পার্টি। এর মাধ্যমে বিজেপি সরকারের দাবি এবং বাস্তব পরিস্থিতির মধ্যে পার্থক্য সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে বলে জানান তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য