
শিলিগুড়ি, ২২ আগস্ট (হি.স.): রাজ্যে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে নিয়োগ করা মধ্যস্থতাকারী পঙ্কজ সিং-এর নেতৃত্বে এই কমিটি সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রকে রিপোর্ট দেবে। রাজ্য সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার শিলিগুড়ির সুকনায় পাহাড় সমস্যা নিয়ে বিশেষ বৈঠকে বসেন। পাহাড়ে রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধানসূত্র খোঁজার পাশাপাশি শিক্ষক নিয়োগ, চা-বাগান, পরিবহণ ব্যবস্থা, জিটিএ সমস্যা প্রভৃতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রীংলা বৈঠকে যোগ দেন। ছিলেন, জিটিএ-র প্রধান সচিব শ্রুতি রঞ্জন মোহান্তি এবং গোর্খা জনমুক্তি মোর্চা, জিএনএলএফ-এর মতো রাজনৈতিক দলগুলি।
এদিন আলোচনা শেষে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, সমস্যা সমাধানে সংবিধানে থেকেই যা করার তা করা হবে। নতুন কমিটিতে পাহাড়ের অন্যান্য রাজনৈতিক নেতৃত্বকেও অন্তর্ভুক্ত করা হবে। পাহাড়ের বিভিন্ন সমস্যা, দাবি এবং সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে এই কমিটি কাজ করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ