
কালাবুরাগি, ২২ আগস্ট (হি.স.): জাতীয় স্তোত্র বন্দেমাতরম নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শনিবার কর্ণাটকের কালাবুরাগিতে এক কর্মসূচিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, প্রধানমন্ত্রী মোদী 'দিমাগি নকশাল' শব্দটি ব্যবহার করছেন। তাহলে তো আমরা সবাই-ই 'দিমাগি নকশাল'। দেশের জন্য আপনারা কী করছেন, তা নিয়ে কথা বলুন। কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি, বিনিয়োগ এবং দেশের মানুষের হাতে কাজ তুলে দেওয়ার বিষয়ে কথা বলুন। সেসব বাদ দিয়ে আপনারা কিনা কথা বলছেন 'বন্দে মাতরম' গাওয়া হয়নি তা নিয়ে।
খাড়গে আরও বলেন, আমরা কি এই দেশের প্রতি বিশ্বাসঘাতক? আমরা তো এই দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছি। আর আপনারা? আপনারা তো ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেছিলেন, তাদের কাছে লিখিত ক্ষমা প্রার্থনা করেছিলেন—অথচ এখন আপনারা নিজেদের দেশপ্রেমিক বলে দাবি করছেন। আপনাদের কি লজ্জা করে না? এখন তারা আমাদের বলে, 'আমরাই দেশপ্রেমিক, আর যারা 'বন্দে মাতরম' গায় না, তারা দেশবিরোধী।' প্রধানমন্ত্রী মোদী যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তিনি কেন এটি গাননি? চাইলে তো তিনি পুরো গানটিই গাইতে পারতেন। আসল কথা হলো, আপনারা তো এটি পড়তেই জানেন না।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ