
কাঠমান্ডু, ২২ আগস্ট (হি.স.) : বিদেশে থাকা এবং নিজের নির্বাচনী এলাকার বাইরে বসবাসকারী নেপালি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রস্তাবিত নির্বাচনী ব্যবস্থাপনা বিলের অন্তর্ভুক্ত করার আর্জি জানালেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদন গুরুং। নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচনী ব্যবস্থাপনা বিলের খসড়া এবং নির্বাচন সংস্কার নিয়ে বৈঠকে তিনি এই প্রস্তাব দেন।
একই সঙ্গে বিদেশে থাকা নেপালি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি শুরু করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিদেশে বসবাসকারী নেপালিদের ভোটাধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
গুরুং বলেন, আগের নির্বাচনেই বিদেশে থাকা নেপালি নাগরিকদের ভোটাধিকার দেওয়ার জন্য সরকারের তরফে সবরকম চেষ্টা করা হয়েছিল। কিন্তু কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে তা সম্ভব হয়নি। আগের নির্বাচনে যে সমস্যাগুলি সামনে এসেছিল, সেগুলির সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন তিনি।
নেপালের প্রধান নির্বাচন কমিশনার মানবাহাদুর কার্কি জানান, এই ব্যবস্থা কার্যকর করার জন্য আইনি, প্রাতিষ্ঠানিক এবং প্রযুক্তিগত প্রস্তুতি শুরু হয়েছে। প্রয়োজনীয় পরিকাঠামো ও জনবল সরকার সরবরাহ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কার্কি বলেন, নির্বাচনের স্বচ্ছতা, স্বাধীনতা ও নিরপেক্ষতা আরও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ ভোটারদের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া ও ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে কমিশন সক্রিয়ভাবে কাজ করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য