
শিমলা, ২২ আগস্ট (হি.স.): হিমাচল প্রদেশ বিধানসভায় সম্পূর্ণ ‘বন্দে মাতরম্’ গাওয়া নিয়ে কংগ্রেসের অবস্থানের তীব্র সমালোচনা করলেন বিজেপির হিমাচল প্রদেশ সভাপতি ড. রাজীব বিন্দল। তাঁর অভিযোগ, সম্পূর্ণ ‘বন্দে মাতরম্’ গাওয়ার বিরোধিতা করে কংগ্রেস স্বাধীনতা সংগ্রামী এবং দেশের জন্য আত্মবলিদান দেওয়া মানুষদের আবেগকে অসম্মান করেছে।
শনিবার বিন্দল বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ‘বন্দে মাতরম্’ শুধুমাত্র একটি গান নয়, বরং দেশাত্মবোধ ও স্বাধীনতার লড়াইয়ের অন্যতম প্রধান স্লোগান ছিল। বহু স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী ‘বন্দে মাতরম্’ ধ্বনি তুলে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন এবং দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন।
বিজেপি সভাপতির দাবি, স্বাধীন ভারতে কংগ্রেসের পক্ষ থেকে সম্পূর্ণ ‘বন্দে মাতরম্’ গাওয়ার বিরোধিতা করা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়। তাঁর প্রশ্ন, সম্পূর্ণ ‘বন্দে মাতরম্’ গাওয়া নিয়ে কংগ্রেসের আপত্তি কোথায়?
কংগ্রেসের বিরুদ্ধে ভোটব্যাঙ্ক ও তুষ্টিকরণের রাজনীতির অভিযোগও তোলেন বিন্দল। তাঁর বক্তব্য, দেশ বিভাজনের যন্ত্রণা দেখেছে এবং তার ক্ষত এখনও ইতিহাসের বেদনাদায়ক অধ্যায় হয়ে রয়েছে। অথচ কংগ্রেস ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে রাজনৈতিক স্বার্থকে জাতীয় গৌরবের সঙ্গে যুক্ত বিষয়গুলির ঊর্ধ্বে স্থান দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বিন্দল বলেন, ‘বন্দে মাতরম্’ ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে গভীরভাবে যুক্ত। স্বাধীনতা আন্দোলনের সময় মানুষের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তুলতে এই গান গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তাঁর মতে, হিমাচল প্রদেশ বিধানসভার মতো গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক মঞ্চে ‘বন্দে মাতরম্’-এর মর্যাদা নিয়ে রাজনীতি হওয়া উচিত নয়।
তিনি আরও বলেন, ‘বন্দে মাতরম্’ কোনও একটি রাজনৈতিক দলের সম্পত্তি নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে দেশ ও মাতৃভূমির প্রতি শ্রদ্ধার অনুভূতি। জাতীয় গৌরবের সঙ্গে যুক্ত বিষয় রাজনৈতিক দলগুলির সুবিধা বা ভোটব্যাঙ্কের হিসাব অনুযায়ী নির্ধারিত হওয়া উচিত নয়।
বিন্দল কংগ্রেসকে বিধানসভায় তাদের অবস্থান পুনর্বিবেচনা করে দেশবাসীর আবেগকে সম্মান করার আহ্বান জানান। একই সঙ্গে সম্পূর্ণ ‘বন্দে মাতরম্’ গাওয়ার বিরোধিতার জন্য কংগ্রেসকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য