
পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও মালদা, ২২ আগস্ট (হি.স.): শনিবার অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের ছবি সামনে এসেছে। নন্দীগ্রামের গোপালচক এলাকায় টাকা না পাওয়ার ক্ষোভে এক বিজেপি স্থানীয় নেতা শ্যামল কুমার দাসের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান মহিলারা। অভিযোগ, তাঁকে মারধরও করা হয়। শ্যামলের দাবি, তিনি কোনও সরকারি পদে নেই। ঘটনার পর পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
বাঁকুড়ার বিষ্ণুপুরে এসডিও অফিসের সামনেও অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে মহিলাদের কান্নাকাটি করে বিক্ষোভ করতে দেখা যায়। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে বিডিও অফিসে বিক্ষোভ দেখান উপভোক্তারা। খবর পেয়ে বিধায়ক পীযূষ কান্তি দাস সেখানে পৌঁছে সমস্যা খতিয়ে দেখে দ্রুত টাকা পাওয়ার ব্যবস্থা করার আশ্বাস দেন।
পশ্চিম বর্ধমানের বরাকরের রামনগর এলাকায় টাকা না পাওয়ার অভিযোগে মহিলারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। এর জেরে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
এদিকে মালদার গাজোলের বাচাহার গ্রামে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার হতাশায় ৩২ বছরের গৃহবধূ অনিতা খাতুন আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি। ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়