
ভাগলপুর, ২২ আগস্ট (হি.স.): আখচাষিদের জন্য সুখবর। বিহারের ভাগলপুর জেলার পীরপৈঁতি ব্লকে চিনি কল স্থাপনের উদ্যোগে প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। চিনি কল তৈরির জন্য ১০০ একর জমি চিহ্নিত করে তার বিস্তারিত রিপোর্ট রাজ্যের ইক্ষু উন্নয়ন দফতরে পাঠিয়েছে জেলা প্রশাসন।
ভাগলপুরের জেলাশাসক অলংকৃতা পাণ্ডে জানিয়েছেন, দীর্ঘদিনের জমি খোঁজার কাজ শেষ হয়েছে। ১০০ একর জমি চূড়ান্ত করে তার রিপোর্ট সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। এবার রাজ্য সদর দফতর এবং ইক্ষু উন্নয়ন দফতরের অনুমোদন মিললেই চিনি কল স্থাপন ও নির্মাণের পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।
উল্লেখ্য, বর্তমানে ভাগলপুর জেলায় কোনও চিনি কল চালু নেই। ফলে পীরপৈঁতি ও সংলগ্ন এলাকার আখচাষিদের নিজেদের উৎপাদিত আখ বিক্রির জন্য অন্য জেলার কল বা দূরের বাজারের উপর নির্ভর করতে হয়। দূরবর্তী এলাকায় আখ পাঠাতে গিয়ে পরিবহণ খরচও বহন করতে হয় কৃষকদের। স্থানীয়ভাবে চিনি কল গড়ে উঠলে সেই অতিরিক্ত খরচ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
সময়মতো আখ মাড়াই না হওয়ায় ফসল শুকিয়ে যাওয়ার আশঙ্কাও থাকে। স্থানীয় চিনি কল চালু হলে সেই সমস্যা কমবে এবং কৃষকরা উৎপাদিত আখ দ্রুত প্রক্রিয়াকরণের সুযোগ পাবেন। ইক্ষু উন্নয়ন দফতরের আশা, এই প্রকল্পের ফলে এলাকায় আখচাষে কৃষকদের আগ্রহ আরও বাড়বে। আগামী দিনে আরও বেশি কৃষককে আখচাষে যুক্ত করার পরিকল্পনাও নেওয়া হচ্ছে।
প্রশাসনের মতে, প্রকল্পটির প্রভাব শুধু কৃষিক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না। চিনি কল নির্মাণ, পরিচালনা, আখ মাড়াই এবং পরিবহণ-সহ বিভিন্ন ক্ষেত্রে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ফলে ভাগলপুরের শিল্পোন্নয়নেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
এখন ইক্ষু উন্নয়ন দফতরের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় পীরপৈঁতি-সহ ভাগলপুরের কৃষক ও ব্যবসায়ী মহল। অনুমোদন মিললেই বহু প্রতীক্ষিত চিনি কল স্থাপনের কাজ বাস্তব রূপ পেতে শুরু করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য