
কলকাতা, ২২ আগস্ট (হি. স.) : পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পান্ডে হাওড়ার ডিআরএম বিশাল কাপুর এবং সদর দফতর ও ডিভিশনের আধিকারিকদের সঙ্গে নিয়ে দফায় দফায় তারকেশ্বর - গোঘাট - কামারপুকুর - জয়রামবাটি রেলপথ পরিদর্শন করলেন। এর পরিপ্রেক্ষিতেই যাত্রী-নিরাপত্তা, পরিষেবা এবং জনকল্যাণকে সামনে রেখে চলেছে পরিদর্শন - পূর্ব রেল সূত্রে খবর।
তারকেশ্বরে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পুনর্নির্মাণের কাজ খতিয়ে দেখেন গীতিকা। এদিকে শ্রাবণী মেলার রেশ রয়েছে । তাই তীর্থযাত্রীদের ভিড় সামলানো, প্ল্যাটফর্মে পর্যাপ্ত আলো, ২৪ ঘণ্টা পানীয় জল, পরিচ্ছন্ন স্যানিটেশন এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন তিনি। প্ল্যাটফর্মে যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন ও ট্রেনের সময়ানুবর্তিতা, পরিচ্ছন্নতা এবং টিকিট পরিষেবা নিয়েও তাঁদের মতামত নেন।
উল্লেখ্য, এরপর গোঘাট - কামারপুকুর - জয়রামবাটি অংশে নতুন রেললাইন নির্মাণের অগ্রগতি পর্যালোচনা করেন জেনারেল ম্যানেজার। ভাবাদীঘিতে প্রকল্পের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার সঙ্গে স্থানীয় বাসিন্দাদের দাবির কথাবার্তা শোনেন। তাঁদের জন্য পৃথক রাস্তা এবং স্থানীয় স্কুলে বিদ্যুৎ, আলো, পাখা ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার জন্য আধিকারিকদের নির্দেশ দেন তিনি।
এই প্রসঙ্গে শনিবার পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, যাত্রী-নিরাপত্তা ও এলাকার মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়েই পরিকাঠামোর আধুনিকীকরণে জোর দেওয়া হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত