আইনের হাতিয়ারে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আইনজীবীদের সংঘবদ্ধ হওয়ার ডাক কংগ্রেসের
আগরতলা, ২২ আগস্ট (হি.স.) : নিপীড়িত, বঞ্চিত ও অত্যাচারিত মানুষের পাশে দাঁড়াতে আইনজীবীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি সামনে এনে দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানালেন ত্রিপুরা প্রদেশ
কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা


আগরতলা, ২২ আগস্ট (হি.স.) : নিপীড়িত, বঞ্চিত ও অত্যাচারিত মানুষের পাশে দাঁড়াতে আইনজীবীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি সামনে এনে দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

শনিবার কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস লিগ্যাল ডিপার্টমেন্টের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই আহ্বান জানান। বৈঠকে প্রদেশ কংগ্রেস লিগ্যাল ডিপার্টমেন্টের চেয়ারম্যান আইনজীবী হরেকৃষ্ণ ভৌমিক, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক তথা কংগ্রেসের সিডব্লিউসি সদস্য সুদীপ রায় বর্মন, ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সভাপতি বৃথা দেব পাল, বিধায়ক গোপাল চন্দ্র রায়-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে আশীষ কুমার সাহা বলেন, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস লিগ্যাল ডিপার্টমেন্টকে আরও শক্তিশালী, সক্রিয় ও সংঘবদ্ধ করে তুলতে হবে। এজন্য রাজ্যের প্রতিটি প্রশাসনিক জেলা ভিত্তিক কমিটি গঠন করে আইনজীবীদের প্যানেল তৈরি করার উপর গুরুত্ব দেন তিনি। এই প্যানেলের মাধ্যমে সমাজের বঞ্চিত, অত্যাচারিত, নিপীড়িত ও লাঞ্ছিত মানুষের হয়ে আইনি লড়াইয়ে এগিয়ে আসার আহ্বান জানান প্রদেশ কংগ্রেস সভাপতি।

তিনি আরও বলেন, শুধু আদালতের পরিসরে সীমাবদ্ধ থাকলে চলবে না। জনস্বার্থের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় চিহ্নিত করে সেগুলি জনগণের সামনে তুলে ধরতে হবে। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ গড়ে তুলতে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের সিডব্লিউসি সদস্য তথা বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্য ও দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। তাঁর অভিযোগ, বিজেপির শাসনকালে সর্বত্র লুটপাট চলছে। দেশের অগ্রগতি মূলত অর্থনীতির উপর নির্ভরশীল হলেও সেই অর্থনীতির উপর বারবার আঘাত আসছে।

তিনি আরও দাবি করেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতির কারণে বিদেশি বিনিয়োগকারীদের একাংশ ভারতে স্থাপিত শিল্প ও কারখানা অন্য দেশে নিয়ে গিয়ে ব্যবসা শুরু করছে। ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার মূল্য কোথায় এসে দাঁড়িয়েছে, তা সকলেরই জানা বলে মন্তব্য করেন তিনি।

সুদীপ রায় বর্মন বলেন, এই সমস্ত বিষয় নিয়ে চুপ করে বসে থাকলে চলবে না। অন্যায়, দুর্নীতি ও জনস্বার্থবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে প্রত্যেককে প্রতিবাদী ভূমিকা নিতে হবে। জনগণের অধিকার ও স্বার্থ রক্ষায় আইনজীবী সমাজকেও আরও সক্রিয়ভাবে মাঠে নামার আহ্বান জানান তিনি।

বৈঠকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করা, জেলা স্তরে আইনজীবীদের যুক্ত করা এবং সাধারণ মানুষের বিভিন্ন আইনি সমস্যায় পাশে দাঁড়ানোর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি জনস্বার্থের বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে কর্মসূচি গ্রহণের উপরও গুরুত্ব দেওয়া হয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande