
কলকাতা, ২২ আগস্ট (হি. স.) : পূর্ব রেল কর্তৃপক্ষের তরফেও শনিবার ঘোষণা করা হয়েছে যে, রেললাইনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ২৩ আগস্ট অন্ডাল স্টেশনে ছ’ঘণ্টার ট্রাফিক ব্লক করা হবে। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে এই কাজ। এর জেরে একাধিক ট্রেনের পরিষেবায় পরিবর্তন করা হয়েছে বলে পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে।
এদিন রেলের তরফে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতেই এই ট্রাফিক ব্লকের সিদ্ধান্ত। এর ফলে আগামীকাল ৬৩৫৩৩/৬৩৫৩৪ আন্ডাল–সাঁইথিয়া–আন্ডাল মেমু সম্পূর্ণ বাতিল থাকবে। ফলে এই রুটের নিয়মিত যাত্রীদের ওই দিন বিকল্প যাতায়াতের ব্যবস্থা করতে হবে।
এ ছাড়াও, ২২৩২২ সিউড়ি–হাওড়া হুল এক্সপ্রেস-এর যাত্রার সময়ও পরিবর্তন করা হয়েছে। ২৩ আগস্টের যাত্রাটি নির্ধারিত সময়ের তুলনায় ১২০ মিনিট দেরিতে শুরু হবে। অর্থাৎ, রক্ষণাবেক্ষণের কাজের কারণে ট্রেনটি দু’ঘণ্টা পিছিয়ে চলবে।
রেল কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সময়সূচি যাচাই করে স্টেশনে পৌঁছনোর পরামর্শ দিয়েছে। রক্ষণাবেক্ষণের কাজ শেষ হওয়ার পর ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে বলে রেল সূত্রে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত