
কলকাতা, ২২ আগস্ট (হি.স.): নিউটাউনের স্বামীজি নগর এলাকায় শনিবার সকালে বস্তাবন্দি এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রাস্তার পাশে সন্দেহজনক অবস্থায় বস্তাটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি খুললে তার ভেতর থেকে যুবকের দেহ উদ্ধার হয়।
পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ দিন পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সৌরভ বিশ্বাস। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দু'-তিন দিন আগেই ওই যুবককে খুন করা হয়ে থাকতে পারে।
পুলিশ সূত্রে জানা গেছে, যুবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ইকো পার্ক থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলের আশেপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। কে বা কারা এবং কখন দেহটি সেখানে ফেলে রেখে গিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তা জানার চেষ্টা করছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ