
আরামবাগ , ২২ আগস্ট (হি.স.):আরামবাগের বাতানাল গ্রাম পঞ্চায়েতের ব্যাঙা উত্তরপাড়ায় স্ত্রীর হাতে স্বামীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম পার্থ মালিক (৩২)। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই অভিযুক্ত স্ত্রী মধুমিতা মালিককে গ্রেফতার করেছে আরামবাগ থানার পুলিশ।
পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পার্থ মালিকের সঙ্গে তাঁর স্ত্রী মধুমিতার অশান্তি চলছিল এবং তাঁকে মারধর করা হত। শনিবার সকালে বাপের বাড়ি যাওয়াকে কেন্দ্র করে দু’জনের মধ্যে ফের বচসা শুরু হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, সেই সময় নোড়া দিয়ে পার্থকে মারধর করা হলে তিনি পাশের একটি জলাশয়ে পড়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। পুলিশ মধুমিতাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। পরে পার্থর পরিবারের পক্ষ থেকে আরামবাগ থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই মধুমিতা মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের দাবি, ঘটনার সঠিক তদন্ত করে দোষ প্রমাণিত হলে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA