
ময়না, ২৩ আগস্ট (হি.স.): রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘদিন লক্ষ্মীর ভান্ডারের সুবিধা থেকে বঞ্চিত থাকার অভিযোগ ছিল| অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা মেলায় ময়নায় সুবিশাল পদযাত্রা করলেন কয়েক হাজার মহিলা। অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাওয়ার পর রবিবার বাকচা অঞ্চল থেকে এই পদযাত্রার আয়োজন করা হয়। রাজ্য সরকারের নতুন প্রকল্পের সুবিধা পাওয়ায় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই কর্মসূচি বলে উদ্যোক্তাদের দাবি।
অভিযোগ, পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার বাকচা অঞ্চলের প্রায় ৭ হাজার মহিলা বিজেপিকে সমর্থন করার কারণে তৎকালীন তৃণমূল সরকারের আমলে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলেন। বিষয়টি নিয়ে দীর্ঘদিন রাজনৈতিক ও আইনি লড়াই চালিয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরবর্তীতে বকেয়া অর্থ সংশ্লিষ্ট মহিলাদের দেওয়া হয় বলে দাবি করা হয়েছে।
পদযাত্রায় ময়নার বিধায়ক তথা রাজ্য সরকারের মন্ত্রী অশোক দিন্দা উপস্থিত ছিলেন। অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাওয়ায় বহু মহিলা ও স্থানীয় বাসিন্দা মিছিলে অংশ নেন।
কর্মসূচিতে অশোক দিন্দা বলেন, তৎকালীন সরকার রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে সরকারি প্রকল্পের সুবিধা দিত। বিজেপি করার কারণে বাকচার মহিলাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হয়েছিল বলেও তিনি দাবি করেন। তাঁর বক্তব্য, বর্তমান সরকার কোনও রাজনৈতিক ভেদাভেদ না করে যোগ্য মহিলাদের অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা দিচ্ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়