যন্তর-মন্তরে সংরক্ষণ বিরোধী বিক্ষোভ নিয়ে কংগ্রেসকে নিশানা মায়াবতীর
লখনউ, ২৩ আগস্ট (হি.স.) : দিল্লির যন্তর-মন্তরে সংরক্ষণ বিরোধী বিক্ষোভকে ঘিরে কংগ্রেস ও রাহুল গান্ধীকে নিশানা করলেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) সর্বভারতীয় সভাপতি মায়াবতী। রবিবার ‘এক্স’-এ পোস্ট করে তিনি সংরক্ষণের মতো সংবেদনশীল বিষয়ে সস্তা রাজনীতি না ক
যন্তর-মন্তরে সংরক্ষণ বিরোধী বিক্ষোভ নিয়ে কংগ্রেসকে নিশানা মায়াবতীর


লখনউ, ২৩ আগস্ট (হি.স.) : দিল্লির যন্তর-মন্তরে সংরক্ষণ বিরোধী বিক্ষোভকে ঘিরে কংগ্রেস ও রাহুল গান্ধীকে নিশানা করলেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) সর্বভারতীয় সভাপতি মায়াবতী। রবিবার ‘এক্স’-এ পোস্ট করে তিনি সংরক্ষণের মতো সংবেদনশীল বিষয়ে সস্তা রাজনীতি না করার এবং এমন রাজনীতিকে প্রশ্রয় না দেওয়ার আবেদন জানান। একই সঙ্গে কংগ্রেস ও রাহুল গান্ধীর বিরুদ্ধে সংরক্ষণ-বিরোধী মানসিকতার অভিযোগ তোলেন তিনি।

মায়াবতী বলেন, যন্তর-মন্তরে সংবিধান অনুযায়ী এসসি, এসটি ও ওবিসি সম্প্রদায়ের জন্য নির্ধারিত সংরক্ষণের বিরোধিতায় জমায়েত এবং আর্থিক ভিত্তিতে সংরক্ষণের দাবি তোলা যথাযথ নয়। সংরক্ষণ নিয়ে এমন কোনও পদক্ষেপ করা উচিত নয়, যাতে সমতাভিত্তিক সমাজ এবং উন্নত ও মর্যাদাশীল দেশ গঠনের সাংবিধানিক প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, শতাব্দীর পর শতাব্দী জাতপাতের বৈষম্যের শিকার এসসি, এসটি ও ওবিসি সম্প্রদায়ের জন্যই সংবিধানে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ড. ভীমরাও আম্বেদকরের বক্তব্যের উল্লেখ করে মায়াবতী বলেন, জাতপাতের পরিত্যাগই সবচেয়ে বড় দেশপ্রেম। একই মনোভাব নিয়ে দেশহিতে কাজ করার আবেদন জানান তিনি।

আর্থিক ভিত্তিতে সংরক্ষণের দাবি প্রসঙ্গে মায়াবতী বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার প্রতি বছর দারিদ্র্য দূরীকরণে বিভিন্ন প্রকল্পে বিপুল অর্থ খরচ করে। দুর্নীতি ও সরকারি ব্যবস্থার ত্রুটির কারণে সেই সুবিধা যদি প্রকৃত প্রয়োজনীয় মানুষের কাছে না পৌঁছয়, তা হলে তা ব্যবস্থার ব্যর্থতা।

বিএসপি নেত্রীর দাবি, দেশে আর্থিক ভিত্তিতেও সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। কিন্তু তার সুফল দরিদ্র উচ্চবর্ণের পরিবারগুলির কাছে যথাযথভাবে পৌঁছচ্ছে না। তাঁর মতে, এই ব্যবস্থায় প্রকৃত সুবিধার তুলনায় প্রহসনই বেশি দেখা যাচ্ছে।

মায়াবতীর অভিযোগ, দুর্নীতিগ্রস্ত ও জাতপাতভিত্তিক সরকারি ব্যবস্থা সংরক্ষণের সাংবিধানিক বিধানকে যথাযথ ভাবে কার্যকর হতে দেয়নি। সেই কারণেই স্বাধীনতার এত বছর পরেও এসসি, এসটি ও ওবিসি সম্প্রদায়ের মানুষ দারিদ্র্য, জাতিগত বৈষম্য, শোষণ ও অত্যাচারের মুখোমুখি হচ্ছেন।

সব সরকারকে সংরক্ষণ-বিরোধী শক্তিকে প্রশ্রয় না দেওয়ার আবেদন জানান মায়াবতী। সাধারণ মানুষকেও সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়ে সস্তা রাজনীতি থেকে দূরে থাকার এবং এই ধরনের রাজনীতিকে উৎসাহ না দেওয়ার আহ্বান জানান তিনি।

রাহুল গান্ধীকে নিশানা করে মায়াবতী বলেন, একই দিনে সংসদ থানার বাইরে এক ব্যক্তির ঘটনায় এফআইআর দায়েরের দাবিতে কংগ্রেস নেতা কয়েক ঘণ্টা ধরনায় বসেছিলেন। তাঁর দলের এতে আপত্তি নেই। তবে তাঁর প্রশ্ন, এর ঠিক পাশেই যন্তর-মন্তরে দলিত ও শোষিত শ্রেণির জন্য জাতিগত ভিত্তিতে দেওয়া সংরক্ষণ বাতিলের দাবিতে বিক্ষোভ চলছিল। সেখানে রাহুল গান্ধী বা কংগ্রেসের কোনও নেতা গিয়ে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা পর্যন্ত করেননি কেন?

মায়াবতীর অভিযোগ, এই ঘটনাই এসসি, এসটি ও ওবিসি সম্প্রদায়ের প্রতি কংগ্রেস ও রাহুল গান্ধীর কথিত সংরক্ষণ-বিরোধী মানসিকতাকে স্পষ্ট করে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande