(আপডেট) আসানসোলে হরিনাম সংকীর্তনে হাঙ্গামার জেরে উত্তেজনা, বাড়তি সতর্কতা
পশ্চিম বর্ধমান, ২৩ আগস্ট (হি স)। কুলটি বিধানসভা এলাকার আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ধেমোমেনে হরিনাম সংকীর্তনের অনুষ্ঠানে ব্যাপক হাঙ্গামার জেরে এলাকায় রবিবার উত্তেজনা তৈরি হয়েছে। রাজ্য পুলিশ সূত্রের খবর, নিরাপত্তার স্বার্থে রবিবার ওই তল্লাটে বা
(আপডেট) আসানসোলে হরিনাম সংকীর্তনে হাঙ্গামার জেরে উত্তেজনা, বাড়তি সতর্কতা


পশ্চিম বর্ধমান, ২৩ আগস্ট (হি স)। কুলটি বিধানসভা এলাকার আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ধেমোমেনে হরিনাম সংকীর্তনের অনুষ্ঠানে ব্যাপক হাঙ্গামার জেরে এলাকায় রবিবার উত্তেজনা তৈরি হয়েছে।

রাজ্য পুলিশ সূত্রের খবর, নিরাপত্তার স্বার্থে রবিবার ওই তল্লাটে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।

এলাকায় অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনে আমন্ত্রিত ছিলেন আসানসোল পুরনিগমের ৫৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নোনিয়া। সঞ্জয় অনুষ্ঠানে পৌঁছতেই স্থানীয় কয়েক জন তাঁর ও তাঁর লোকজনের দিকে ইট ছোড়েন বলে অভিযোগ। পাল্টা সঞ্জয়ের অনুগামীরাও ইট ছোড়েন বলে অভিযোগ। দু’পক্ষের মারামারি, ইটবৃষ্টিতে রক্ত ঝরল। জখম হন বেশ কয়েক জন।

স্থানীয় সূত্রে খবর, সেখানে প্রাক্তন কাউন্সিলর এবং তৃণমূলের কয়েক জন উপস্থিত হতেই শুরু হয় গন্ডগোল।

প্রাক্তন কাউন্সিলরের দাবি, তিনি আমন্ত্রিত ছিলেন। কিন্তু তাঁকে দেখে বিনা প্ররোচনায় কয়েক জন হামলা চালান। ইচ্ছাকৃত ভাবে ধর্মীয় অনুষ্ঠান ভন্ডুল করার চেষ্টা করেন তাঁরা। তিনি বলেন, “যারা হামলা করেছে, তাদের গ্রেফতার করতে হবে।’’ অন্য পক্ষের দাবি, দুর্নীতিগ্রস্ত তৃণমূলের লোকজনকে দেখে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ করেছেন।

প্রসঙ্গত, মাসখানেক আগে বিজেপির একটি সংবর্ধনা সভায় তৃণমূল নেতা রোহিত নোনিয়া, তাঁর পুত্র, প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় নোনিয়ার সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের মারামারি হয়েছিল। তাতে বিজেপির কয়েক জন কর্মী-সমর্থক জখম হন। তাঁদের হাসপাতালে ভর্তি করাতে হয়। পুলিশেও অভিযোগ করা হয়। রবিবারের অশান্তি সেই ঘটনারই রেশ বলে মনে করছেন কেউ কেউ। সম্প্রতি আদালত থেকে জামিন পান রোহিত নোনিয়া।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande