
কোচবিহার, ২৩ আগস্ট (হি.স.): আন্তর্জাতিক ইমিগ্রেশন বন্ধ হয়ে যাওয়ার পর শনিবার রাতে চ্যাংরাবান্ধার দক্ষিণপাড়া এলাকায় এক বাংলাদেশি মহিলাকে ঘোরাফেরা করতে দেখে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। ওই মহিলা নিজেকে বাংলাদেশের রংপুর জেলার পীরগাছার বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন। স্থানীয় বাসিন্দারা তাঁকে মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন।
জানা গেছে, ওই বাংলাদেশি মহিলা পুলিশকে জানান, প্রায় চার বছর আগে দালালচক্রের মাধ্যমে অবৈধভাবে ভারতে আসার পর তাঁকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে কাজ করতে বাধ্য করা হয় এবং একপর্যায়ে দেহব্যবসায় নামানো হয়। শিলিগুড়ি এবং দিনহাটা-সহ বেশ কিছু এলাকাতেও তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল। দিনহাটায় তিনি কিছুদিন একটি হোটেলে কাজ করতেন বলেও জানান। এরপর বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য তিনি চ্যাংরাবান্ধায় পৌঁছান| কিন্তু আন্তর্জাতিক ইমিগ্রেশন বন্ধ থাকায় সীমান্ত পার হতে পারেননি।
স্থানীয় বাসিন্দারা তাঁকে এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে পুলিশকে খবর দেন। মেখলিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলাকে নিজেদের হেফাজতে নেয়। পুলিশ সূত্রে জানা গেছে, কীভাবে তিনি ভারতে প্রবেশ করেছিলেন, কোথায় কোথায় ছিলেন এবং তাঁর অভিযোগগুলির সত্যতা কী— সমস্ত বিষয় খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ