
মানিকচক, ২৩ আগস্ট (হি.স.): বাসচালকদের বিরুদ্ধে হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে রবিবার ধর্মঘট ও বিক্ষোভে সামিল হলেন মানিকচকের বিভিন্ন ছোট গাড়ির চালকেরা। এদিন মানিকচক শিক্ষা নিকেতন স্কুল সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মানিকচক বাসস্ট্যান্ড পর্যন্ত যায়।
বিক্ষোভকারীদের অভিযোগ, গত শনিবার মালদহের আইটিআই মোড় এলাকায় বেশ কয়েকজন বাসচালক তাঁদের উপর হামলা চালান এবং ছোট গাড়িগুলি ভাঙচুর করেন। পরিস্থিতি বেগতিক দেখে কোনওরকমে গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে প্রাণে বাঁচেন তাঁরা বলে দাবি। ওই ঘটনার প্রতিবাদেই রবিবার ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
ছোট গাড়ি চালকদের দাবি, পরিবহণ দফতরের নিয়ম মেনেই তাঁরা গাড়ি চালান। গাড়ির নম্বর প্লেট, বিমা-সহ প্রয়োজনীয় সমস্ত নথিপত্র রয়েছে। তারপরেও তাঁদের গাড়িকে কেন অবৈধ বলা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের অভিযোগ, বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও নানা সময়ে তাঁদের হয়রানির মুখে পড়তে হচ্ছে।
বিক্ষোভকারীরা জানান, তাঁদের সমস্যার কথা জানাতে ইতিমধ্যেই মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডলের দ্বারস্থ হয়েছেন তাঁরা। দ্রুত সমস্যার সমাধান এবং হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ছোট গাড়ি চালকেরা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়