
ভাঙড়, ২৩ আগস্ট (হি. স.): আইএসএফ ছাড়ার পরের দিনই প্রাক্তন আইএসএফ নেতা আরাবুল ইসলামের গাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগ উঠল। রবিবার ভাঙড়ের পোলেরহাট উড়িয়াপাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগের তির আইএসএফের দিকেই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন পোলেরহাট থানার উড়িয়াপাড়া এলাকায় আরাবুল ইসলামের গাড়ি যাওয়ার সময় আচমকাই হামলা চালানোর অভিযোগ ওঠে। গাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। যদিও হামলার ঘটনায় আরাবুল আহত হন নি।
উল্লেখযোগ্যভাবে, শনিবারই সমাজমাধ্যমে পোস্ট করে আইএসএফ ছাড়ার কথা ঘোষণা করেছিলেন আরাবুল ইসলাম। দল ছাড়ার কারণ হিসেবে তিনি একাধিক বিষয়ের উল্লেখ করেন। একইসঙ্গে আইএসএফকে কটাক্ষ করে ‘লুম্পেনের দল’ বলেও মন্তব্য করেন তিনি। আরাবুলের এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে শুরু হয় জোর চর্চা।
এর ২৪ ঘণ্টার মধ্যেই তাঁর গাড়িতে হামলার অভিযোগ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ভাঙড়ে। একাধিক বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। ঘটনাটি নিছক হামলা, নাকি এর পিছনে রাজনৈতিক বিরোধ রয়েছে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
পুলিশের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। হামলার সঙ্গে কারা জড়িত, ঘটনাস্থলে ঠিক কী ঘটেছিল এবং এর পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ঘটনার পর এলাকায় যাতে নতুন করে কোনও উত্তেজনা না ছড়ায়, সে বিষয়েও নজর রাখছে পুলিশ।
এদিকে রবিবার সকালে ঘটনাস্থল থেকে তিনটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। বোমা গুলি নিষ্ক্রিয় করতে ডাকা হয়েছে বোম্ব স্কোয়াডকেও।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা