
কলকাতা, ২৩ অগস্ট (হি. স.) : এই শহরের ডাক পরিষেবায় আরও এক ধাপ আধুনিকীকরণ। স্কুল অফ প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচারের ডিজাইন ম্যানুয়াল মেনে দেশের প্রথম পর্যায়ে উন্নীত করা ১৪টি ডাকঘরের ভার্চুয়াল উদ্বোধন হবে সোমবার। তার মধ্যে একটি কাঁকুড়গাছি উপ - ডাকঘর। সোমবার বিকেল ৩টেয় ভার্চুয়াল মাধ্যমে এই ডাকঘরের উদ্বোধন করবেন কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া।
উল্লেখ্য, পূর্ব কলকাতার সিআইটি রোডে অবস্থিত কাঁকুড়গাছি উপ - ডাকঘরটি শহরের গুরুত্বপূর্ণ ডেলিভারি পোস্ট অফিসগুলির অন্যতম। এখান থেকেই চলছে ইন্টিগ্রেটেড ডেলিভারি সেন্টার। কোভিড-পর্বের লকডাউনের সময়েও জরুরি পরিষেবা হিসেবে এই ডাকঘর চালু ছিল, সাধারণ মানুষের কাছে ডাক পরিষেবা পৌঁছে দিয়েছে নিরবিচ্ছিন্নভাবে।
প্রসঙ্গতঃ আধুনিকীকরণের পর ডাকঘরটি হয়ে উঠছে আরও গ্রাহকবান্ধব পরিষেবা কেন্দ্র। চিঠি-পার্সেলের পাশাপাশি ডিজিটাল পেমেন্ট, সরাসরি সুবিধা হস্তান্তর, ডাক জীবন বিমা, গ্রামীণ ডাক জীবন বিমা এবং বিভিন্ন সেভিংস স্কিমের পরিষেবাও মিলবে এখানে। পূর্ব কলকাতার প্রায় আড়াই লক্ষ বাসিন্দা এই ডাকঘরের পরিষেবার আওতায় রয়েছেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক তাপস রায়, ভারত সঞ্চার নিগম লিমিটেড -এর চিফ জেনারেল ম্যানেজার গাজালা ফয়সল, পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার-সহ ডাক বিভাগের পদস্থ আধিকারিকদের।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত