বসিরহাটে বাড়ির ভিতর বৃদ্ধের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার, ছেলের ভূমিকা ঘিরে প্রশ্ন
বসিরহাট, ২৩ আগস্ট (হি.স.): রবিবার বাড়ির ভিতর থেকে এক বৃদ্ধের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বসিরহাটে। মৃতের নাম সত্যজিৎ ঘোষ (৭০)। বসিরহাট থানার ৭ নম্বর ওয়ার্ডের কাছারিপাড়া এলাকার ঘটনা। একই বাড়িতে ছেলে ও তাঁর পরিবার থাকলেও
পচা গলা দেহ


বসিরহাট, ২৩ আগস্ট (হি.স.): রবিবার বাড়ির ভিতর থেকে এক বৃদ্ধের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বসিরহাটে। মৃতের নাম সত্যজিৎ ঘোষ (৭০)। বসিরহাট থানার ৭ নম্বর ওয়ার্ডের কাছারিপাড়া এলাকার ঘটনা। একই বাড়িতে ছেলে ও তাঁর পরিবার থাকলেও বৃদ্ধের মৃত্যুর খবর কেন পুলিশ বা অন্য কাউকে জানানো হয়নি, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, কয়েকদিন ধরে সত্যজিৎ ঘোষকে দেখা যাচ্ছিল না। বিষয়টি নিয়ে তাঁর ছেলে প্রকাশ ঘোষের কাছে জানতে চাইলেও তিনি স্পষ্ট কোনও উত্তর দেননি বলে অভিযোগ। রবিবার এলাকার কয়েকজন বাসিন্দা বৃদ্ধের ঘরের সামনে যান। দরজা বন্ধ অবস্থায় সেখান থেকে তীব্র দুর্গন্ধ বের হতে এবং দরজার সামনে মাছি উড়তে দেখে তাঁদের সন্দেহ হয়। এরপরই তাঁরা বসিরহাট থানায় খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা খুলে ভিতরে ঢোকে। বাথরুমের মধ্যে সত্যজিৎ ঘোষের পচাগলা দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান পুলিশকর্মীরা। পরে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কীভাবে তাঁর মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। ছেলের ভূমিকা নিয়েও এলাকায় নানা প্রশ্ন উঠেছে। তবে প্রকাশ ঘোষ এ বিষয়ে সংবাদমাধ্যমের কোনও প্রশ্নের উত্তর দেননি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande