
নৈনিতাল, ২৩ আগস্ট (হি.স.) : বাবা নীব করৌরির কৈঁচি ধাম যাওয়ার পথে রবিবার দুর্ঘটনার কবলে পড়ল দিল্লির দুই পুণ্যার্থীর গাড়ি। মন্দির থেকে কিছুটা দূরে রাস্তার রেলিং ভেঙে প্রায় ১৫০ ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটি। তবে প্রায় ৫০ ফুট নীচে একটি গাছে ধাক্কা লেগে গাড়িটি আটকে যাওয়ায় প্রাণে বেঁচে যান গাড়িতে থাকা দুই বন্ধু।
দুর্ঘটনার পর গাড়িটি রাস্তার উপরে তুলে আনা সম্ভব হয়নি। তবে গাড়ির দুই যাত্রী নিজেরাই হেঁটে রাস্তার উপরে উঠে আসেন। নিরাপদে বেঁচে যাওয়ার পর খাদের গভীরতা দেখে তাঁরা বাবা নীব করৌরির প্রতি গভীর আস্থা প্রকাশ করেন। তাঁদের বক্তব্য, বাবার কৃপাতেই তাঁরা প্রাণে বেঁচেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ওই দুই যুবক অন্য একটি গাড়িতে করে কৈঁচি ধামে গিয়ে বাবা নীব করৌরির দর্শন করেন। পরে ফিরে এসে ভবালি থানায় ঘটনার কথা জানান। ক্রেনের সাহায্যে খাদ থেকে গাড়িটি উদ্ধারের চেষ্টা শুরু হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়িটি যে জায়গা দিয়ে খাদে পড়েছিল, তার গতিপথ সামান্য এদিক-ওদিক হলেই দুর্ঘটনাটি প্রাণঘাতী হতে পারত।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য