
পালামু, ২৩ আগস্ট (হি.স.) : বিভিন্ন ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে জেল থেকে ছাড়া পাওয়া ১১৭ জনকে রবিবার থানায় হাজির করিয়ে ‘থানা প্যারেড’ করাল পুলিশ। ঝাড়খণ্ডের পালামু জেলার চৈনপুর থানায় আয়োজিত এই প্যারেডে খুনের মামলায় অভিযুক্ত ২৬ জন, ডাকাতির মামলায় ১৫ জন, চুরির মামলায় ১৫ জন, অস্ত্র আইনে অভিযুক্ত ৩১ জন এবং অন্যান্য মামলায় অভিযুক্ত ২৮ জন উপস্থিত ছিলেন।
রবিবার থানা প্যারেডে প্রত্যেকের সঙ্গে কথা বলেন পালামুর পুলিশ সুপার কপিল চৌধুরী। তাঁদের বর্তমান কাজকর্ম ও গতিবিধি সম্পর্কেও খোঁজ নেন তিনি। পুলিশ সুপার সকলকে অপরাধের পথ ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরে আসার পরামর্শ দেন। পরিবারের পাশাপাশি সমাজের প্রতিও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
এসপি বলেন, অপরাধের পথ একজন ব্যক্তি এবং তাঁর পরিবারের ভবিষ্যৎ—দু’টিই ক্ষতিগ্রস্ত করে। তাই আইন মেনে চলা, কোনও ধরনের অপরাধমূলক কাজে যুক্ত না হওয়া এবং শান্তিপূর্ণ জীবনযাপনের পরামর্শ দেন তিনি। পাশাপাশি পুলিশ স্পষ্ট করে জানিয়ে দেয়, ফের কোনও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মিললে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
থানা প্যারেডে মহকুমা পুলিশ আধিকারিক রাজেশ কুমার যাদব, থানার ভারপ্রাপ্ত আধিকারিক লালজি, চৈনপুর থানার পুলিশ আধিকারিক, জওয়ান ও চৌকিদার-সহ অন্যান্য পুলিশকর্মীরা উপস্থিত ছিলেন।
পুলিশ আধিকারিকরা জানান, এই ধরনের থানা প্যারেডের মূল উদ্দেশ্য হল জেল থেকে মুক্তি পাওয়া ব্যক্তিদের গতিবিধির উপর নজর রাখা এবং তাঁদের অপরাধ থেকে দূরে থেকে সমাজের মূলস্রোতে ফিরে আসতে উৎসাহিত করা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য