
মুম্বই, ২৩ আগস্ট (হি.স.): মুম্বইয়ে গণপতি বাপ্পার মূর্তি নিয়ে শোভাযাত্রার সময় বিপত্তি! শনিবার রাতে দক্ষিণ মুম্বইয়ের ভূলেশ্বর এলাকায় গণেশমূর্তি শোভাযাত্রা করে মণ্ডপে নিয়ে আসার সময়ে বিশাল মূর্তি বহনকারী কাঠামো হঠাৎ উল্টে পড়ে। তার নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে দুই জনের। আহত হয়েছেন আরও পাঁচ জন, তাঁদের মধ্যে দুই শিশু রয়েছে।
শনিবার রাত প্রায় ৯.৫১ মিনিট নাগাদ ভূলেশ্বরের জয় আম্বে চৌকের কাছে কবুতরখানা এলাকায় বালারাম মার্চেন্ট রোডে দুর্ঘটনাটি ঘটে। সেখানে ‘ভূলেশ্বরচা রাজা’ নামে পরিচিত বিশাল গণেশমূর্তির আগমন উপলক্ষে শোভাযাত্রা চলছিল। সেই সময়ে মূর্তি বহনকারী কাঠামোটি আচমকা ভারসাম্য হারিয়ে উল্টে যায় এবং ভিড়ের মধ্যে থাকা মানুষের উপর পড়ে। মূর্তিটির উচ্চতা ২২ ফুটেরও বেশি বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
দুর্ঘটনায় মৃত দুই জনের নাম সঙ্কেত নেভশে (৩৩) এবং ব্রিজেশ হেমন্ত যোশী (৩০)। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে রয়েছেন বৈভব, পবন চৌরাসিয়া এবং কুণাল কাশিদ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ