
হাওড়া, ২৩ আগস্ট (হি.স.):দীর্ঘদিনের জমা জল, বেহাল রাস্তা ও পথবাতির সমস্যা নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন হাওড়ার ডোমজুড়ের সাপুঁইপাড়া এলাকার বাসিন্দারা। রবিবার বসুকাটি গ্রাম পঞ্চায়েতের ২৭০ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা দীপিকা পাণ্ডে এবং তাঁর স্বামীকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় জল জমে রয়েছে। তার জেরে রাস্তা পিচ্ছিল হয়ে পড়েছে। প্রতিদিন যাতায়াতের সময় সমস্যায় পড়ছেন বাসিন্দারা। এমনকি ডেলিভারি দিতে আসা ব্যক্তিরাও মাঝেমধ্যে এই রাস্তায় পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদেরও প্রায়ই দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে।
ক্ষুব্ধ বাসিন্দাদের দাবি, প্রায় ১৫ বছর ধরে এলাকায় উল্লেখযোগ্য কোনও উন্নয়নমূলক কাজ হয়নি। ভোটের সময় জনপ্রতিনিধিরা এলাকা পরিদর্শন করলেও ভোট মিটে যাওয়ার পর সমস্যাগুলি দেখতে তাঁরা আর আসেননি বলেও অভিযোগ।
বিক্ষোভকারীদের আরও দাবি, বুথ পিছু উন্নয়নের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দের কথা পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামী স্বীকার করেছেন। কিন্তু সেই অর্থে এলাকার কোথায় উন্নয়ন হয়েছে, তা তাঁদের চোখে পড়েনি। তাঁদের দাবি, দ্রুত জমা জল নিষ্কাশন, রাস্তা সংস্কার এবং পথবাতি মেরামতের ব্যবস্থা করতে হবে। ঘটনায় পঞ্চায়েত সদস্যা, তাঁর স্বামী এবং স্থানীয় বাসিন্দাদের বক্তব্য ক্যামেরায় উঠে এসেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়