
ধর্মশালা, ২৩ আগস্ট (হি.স.) : হিমাচল প্রদেশ স্কুল শিক্ষা বোর্ড শীতকালীন বিদ্যালয়গুলিতে নভেম্বর-ডিসেম্বর ২০২৬-এ অনুষ্ঠিত হতে চলা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি জোরদার করেছে। পরীক্ষা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সহজ ও সময়সীমাবদ্ধ করতে তৃতীয়, পঞ্চম ও অষ্টম শ্রেণির প্রশ্নপত্রের আবেদন জানানোর প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন করা হয়েছে।
রবিবার বোর্ডের চেয়ারম্যান ড. রাজেশ শর্মা জানিয়েছেন, সংশ্লিষ্ট সমস্ত বিদ্যালয়কে ২৫ আগস্ট ২০২৬ থেকে পড়ুয়াদের প্রকৃত সংখ্যার ভিত্তিতে অনলাইনে প্রশ্নপত্রের আবেদন নথিভুক্ত করতে হবে। কোনও ধরনের অফলাইন আবেদন গ্রহণ করা হবে না বলেও স্পষ্ট জানিয়েছে বোর্ড।
নতুন ব্যবস্থায় সরকারি বিদ্যালয়গুলিকে বিনামূল্যে প্রশ্নপত্র দেওয়া হবে। অন্যদিকে, বেসরকারি স্কুলগুলিকে পড়ুয়ার সংখ্যার ভিত্তিতে অনলাইনে ফি জমা দিতে হবে। তৃতীয় ও পঞ্চম শ্রেণির জন্য পড়ুয়া-পিছু ১০০ টাকা এবং অষ্টম শ্রেণির জন্য ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর পোর্টাল বন্ধ করে দেওয়া হবে। ৬ অক্টোবর ২০২৬-এর পর কোনও স্কুলের প্রশ্নপত্রের চাহিদার আবেদন গ্রহণ করা হবে না।
ড. রাজেশ শর্মা আরও জানিয়েছেন, কোনও স্কুল নির্ধারিত সময়ের মধ্যে চাহিদা না জানালে অথবা পড়ুয়ার প্রকৃত সংখ্যার তুলনায় কম বা বেশি প্রশ্নপত্রের চাহিদা জানালে পরীক্ষার সময় প্রশ্নপত্রের ঘাটতির জন্য সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক, সংশ্লিষ্ট বিইইও এবং প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-নির্দেশক সরাসরি দায়ী থাকবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য