
কলকাতা, ২৮ আগস্ট (হি . স. ) : “রাজনীতি করে ছাত্রদের দমানো যায় না। ছাত্র আন্দোলন হলে বুক পেতে দাঁড়াবেন, বিজেপি হয়ে যাবেন না।” শুক্রবার
ক্যাথিড্রাল রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এই মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে একাধিক বিষয়ে বিজেপিকে তোপ দাগেন মমতা। আক্রমণ শানিয়ে মমতা বলেন, “বিজেপি হাইলোডেড, হাইভোল্টেজ ভাইরাস। যেখানে যাবে, সর্বনাশ করবে।”
যাদবপুর, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নাম ধরে ধরে বিজেপিকে তুলোধোনা করে তিনি বলেন, “আমরা বিজেপিকে মানি না, জানি না, চিনি না, শুনি না।”
যাদবপুর কাণ্ডে পুলিশকেও একহাত নেন মমতা। তিনি বলেন, “আমার সময়ে পুলিশ মানবিক ছিল। আমি এই পুলিশকে চিনি না। মনে রাখবেন ছাতা কিন্তু সবসময় মাথার উপর থাকবে না। আমাকে নাকি বেরতে দেবে, কত বড় বুকের পাটা।” বিজেপিকে ‘অত্যাচারী’ বলে ছাত্র যুবদের বুক চিতিয়ে লড়াইয়ের বার্তা দেন মমতা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত