
কলকাতা, ২৮ আগস্ট (হি. স.) : রাখিবন্ধন উৎসবকে কেন্দ্র করে সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিকতার বার্তা দিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল 'উৎকর্ষে আরোহণ' ও 'মধ্যমগ্রাম প্রণব কন্যা সঙ্ঘ'। সঙ্ঘের আবাসিক ছাত্রীদের নিয়ে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানটির নাম ছিল ‘এসো রাখি পরি’।
শুক্রবার অনুষ্ঠানটি শুধু রাখি পরানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না; আবাসিক ছাত্রীদের প্রতিভার বিকাশে দিনভর ছবি আঁকা ও গানসহ নানা সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাস্কর বিমল কুন্ডু এবং বাচিকশিল্পী দেবাশীষ বসুসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। তাঁরা ছাত্রীদের হাতে রাখি পরিয়ে দেন এবং তাঁদের সৃজনশীল কাজে উৎসাহিত করেন।
বিমল কুন্ডু বলেন, আনন্দের উৎসব রাখিবন্ধনকে শিশুদের প্রতিভা বিকাশের সঙ্গে যুক্ত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। ‘আয় হবে সহচরী, হাতে হাতে রাখি পরি, সবে মিলে আঁকা শিখি, ধরি সবে গান’—এই ভাবনা থেকেই ছাত্রীদের ছবি আঁকা ও গান শেখানোর এই উদ্যোগ।
মধ্যমগ্রাম প্রণব কন্যা সঙ্ঘের সভানেত্রী সন্ন্যাসিনী পরমানন্দময়ী মাতাজী জানান, রাখির মাধ্যমে সমাজের সর্বস্তরে সৌভ্রাতৃত্ব, ভালোবাসা ও শ্রদ্ধার বন্ধন দৃঢ় করাই তাঁদের উদ্দেশ্য। অন্যদিকে, 'উৎকর্ষে আরোহণ'-এর আহ্বায়ক অনুপম মজুমদারের কথায়, এই রাখি মানুষের মধ্যে সম্পর্ক ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করুক—এটাই তাঁদের কামনা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত