
কানপুর, ২৯ আগস্ট (হি.স.): কানপুরে গঙ্গার জলস্তরে সামান্য পতন হয়েছে। তবে কানপুর ব্যারাজে জলস্তর এখনও সতর্কসীমার উপরে রয়েছে। ব্যারাজের আপস্ট্রিমে জলস্তর ১১৪.৩০ মিটার এবং ডাউনস্ট্রিমে ১১৪.০৭ মিটার রেকর্ড করা হয়েছে। ব্যারাজ দিয়ে প্রতি সেকেন্ডে ৩,৭০,৩৯২ কিউসেক জল প্রবাহিত হচ্ছে।
আগের দিনের তুলনায় আপস্ট্রিমে জলস্তর ২ সেন্টিমিটার কমেছে। শুক্রবার তা ছিল ১১৪.৩২ মিটার। ডাউনস্ট্রিমেও জলস্তর ১১৪.১১ মিটার থেকে কমে ১১৪.০৭ মিটারে দাঁড়িয়েছে। জল নিষ্কাশনের পরিমাণও ২,২৩৮ কিউসেক কমেছে। তবে ব্যারাজে জলস্তর এখনও সতর্কসীমা ১১৪ মিটারের উপরে। বিপৎসীমা ১১৫ মিটার।
শনিবার জেলাশাসক জিতেন্দ্র প্রতাপ সিং গঙ্গার জলস্তর এবং নদী তীরবর্তী এলাকার পরিস্থিতির উপর লাগাতার নজর রাখার নির্দেশ দিয়েছেন। সংবেদনশীল এলাকাগুলিতে সতর্কতা বজায় রাখা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের দলগুলি নিয়মিত জলস্তরের উপর নজর রাখছে।
শুক্লাগঞ্জে গঙ্গার জলস্তর ১১২.৭৯০ মিটার রেকর্ড করা হয়েছে। সেখানে সতর্কসীমা ১১৩ মিটার এবং বিপৎসীমা ১১৪ মিটার। এদিকে হরিদ্বার ব্যারাজ থেকে ৬৭,৮৭১ কিউসেক এবং নরৌরা ব্যারাজ থেকে ৭৭,৮১৯ কিউসেক জল ছাড়া হয়েছে।
কানপুর ব্যারাজে জলস্তর বিপদসীমা ১১৫ মিটারে পৌঁছলে প্রতি সেকেন্ডে ৫,৪৪,৩৭৩ কিউসেক জল নিষ্কাশনের নির্ধারিত ব্যবস্থা রয়েছে। আপাতত জলস্তরে সামান্য পতন হলেও তা সতর্কসীমার উপরে থাকায় নদী তীরবর্তী এলাকায় নজরদারি বজায় রেখেছে প্রশাসন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য