
নদিয়া, ৩০ আগস্ট (হি. স.) : নদিয়া জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে সোনা পাচারের চেষ্টা বানচাল করল বিএসএফ। অভিযান চালিয়ে বিএসএফ জওয়ানরা ১৫ কেজি ৬০৭ গ্রাম সোনা উদ্ধার করেছেন। এই ঘটনায় এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৩২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে বানিপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালান। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে জওয়ানরা এক মহিলাকে আটক করে তল্লাশি চালান। তল্লাশিকালে তাঁর কাছ থেকে মোট ১৫ কেজি ৬০৭ গ্রাম সোনা উদ্ধার হয়। বিএসএফ-এর হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজার মূল্য ২৪ কোটি ৯৫ লক্ষ ৫৬ হাজার টাকা।
উদ্ধার হওয়া সোনা সহ ওই মহিলাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন বিএসএফ আধিকারিকেরা।
সীমান্ত এলাকায় পাচার রুখতে বিএসএফ নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। এত বিপুল পরিমাণ সোনা উদ্ধারের পর কোনো বড়সড় আন্তর্জাতিক পাচার চক্র এই ঘটনার পেছনে সক্রিয় রয়েছে বলে সন্দেহ করছেন গোয়েন্দারা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি