
বর্ধমান, ৩০ আগস্ট (হি.স.): পরিবহণকর্মীদের আচমকা কর্মবিরতির জেরে রবিবারের সকাল থেকে সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল কালনা-বর্ধমান রুটের বাস পরিষেবা। আচমকা বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা।
এ দিন পরিবহণ কর্মীদের সূত্রে জানা গেছে, এই রুটে যত বাস চলাচল করে, সেগুলিতে চালক ও কনডাক্টর মিলিয়ে প্রায় আড়াইশো জনের মতো কর্মী রয়েছেন। পরিবহণ কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাসের মালিকপক্ষ তাঁদের ন্যায্য পাওনা ও নিরাপত্তার বিষয় নিয়ে চরম উদাসীন| আন্দোলনরত কর্মীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁদের তোলা দাবিগুলি না মানা পর্যন্ত এই রুটে কোনও বাস চলবে না এবং আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে, হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েন কালনা ও বর্ধমান রুটের নিত্যযাত্রীরা। অনেকেই অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প পরিবহণের মাধ্যমে গন্তব্যে যেতে বাধ্য হন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ