
কলকাতা, ৩০ আগস্ট (হি. স.) : কলকাতার জোড়াবাগান এলাকায় শনিবার গভীর রাতে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গুলিতে আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় সঙ্গে সঙ্গে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁর চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
পুলিশ সূত্রে খবর, শনিবার রাত আনুমানিক ১২টা বেজে ৫ মিনিট নাগাদ পোস্তা এলাকার পিকে ঠাকুর ঘাটের সামনে এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত যুবকের নাম অমিত সোনকার ওরফে কার্তিক বলে শনাক্ত করা গেছে। জানা গেছে, সে কয়েকজন বন্ধুর সঙ্গে ঘাটের সামনে এসে পৌঁছায়। সেখানে কোনো একটি বিষয় নিয়ে সন্তোষ চৌধুরী নামে এক ব্যক্তির সঙ্গে অমিতের বচসা শুরু হয়। অভিযোগ, কথা কাটাকাটির একপর্যায়ে অমিত সন্তোষকে লক্ষ্য করে গুলি চালায় এবং সঙ্গীদের নিয়ে চম্পট দেয়।
স্থানীয় বাসিন্দারা ঘটনাটি দেখামাত্রই অভিযুক্তদের পিছু ধাওয়া করার চেষ্টা করেন। পরে আহত সন্তোষকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া হয়।
আহত সন্তোষের আত্মীয় আকাশ চৌধুরী এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে জোড়াবাগান থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এবং অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
পুলিশের প্রাথমিক তদন্তে পারিবারিক বিবাদকেই এই হামলার সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে। তবে এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত ও আহত ব্যক্তির পারস্পরিক সম্পর্ক এবং বিবাদের নানা দিক খতিয়ে দেখে মূল অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সোনালি