
কলকাতা, ৩০ আগস্ট (হি স)। নিয়ন্ত্রিত ভাবে বিকেন্দ্রিত কাউন্সেলিং এবারই প্রথম করছে বোর্ড। ফলে অভিভাবক ও ছাত্রছাত্রীদের অযথা আতঙ্কিত হওয়া থেকে বিরত থাকার অনুরোধ করছি। রাজ্যের উচ্চশিক্ষা দফতরের তরফে এই ঘোষণা করা হল।
দফতরের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় রবিবার সামাজিক মাধ্যমে এ খবর জানিয়েছেন। সেই সঙ্গে লিখেছেন, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের বিকেন্দ্রিত কাউন্সেলিং নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে কিছু আশঙ্কা তৈরি হয়েছিল। বর্তমান সরকার মেধার সঙ্গে কোনও আপস করবে না। একইসঙ্গে সরকার কলেজ ভিত্তিক ভর্তির নামে মেধাতালিকায় না থাকা পড়ুয়াদের ভর্তিরও নিয়ন্ত্রণ আনার পক্ষে।
বিষয়টি নজরে আসার পরই এ সংক্রান্ত সংশোধনী প্রকাশ করা হয়েছে। ছাত্রছাত্রীদের চিন্তার কোনও কারণ নেই। দ্রুত কাউন্সেলিং প্রক্রিয়া সংক্রান্ত বিবরণ পৃথক বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হবে।
আমরা বিশ্বাস করি, ভালো পড়াশোনার জন্য ভালো ছাত্রছাত্রী চায়। সেই পথেই সরকার।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত