
নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি.স.): সোমবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ–সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রয়াণবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
রাজনাথ সিং এ দিন সমাজ মাধ্যম এক্স-এ লিখেছেন, প্রাক্তন রাষ্ট্রপতি তথা 'ভারত রত্ন' প্রণব মুখার্জি তাঁর বুদ্ধিমত্তা, রাজনৈতিক বিচক্ষণতা এবং সংসদীয় ঐতিহ্যের গভীর উপলব্ধির মাধ্যমে জনজীবনকে সমৃদ্ধ করেছিলেন। তাঁর রাজনৈতিক জীবনের মূল বৈশিষ্ট্য ছিল, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে বিভিন্ন মতামতকে একত্রিত করার এবং ঐকমত্য গড়ে তোলার ক্ষমতা। দেশের প্রতি তাঁর সেবা এবং ভারতের গণতান্ত্রিক ঐতিহ্যে তাঁর অমূল্য অবদান সর্বদা স্মরণ করা হবে।
অমিত শাহ বলেন, প্রণব মুখার্জি তাঁর কয়েক দশক দীর্ঘ যাত্রায় দেশ এবং দেশের সাংবিধানিক মূল্যবোধের প্রতি অবিচল প্রতিশ্রুতির দৃষ্টান্ত স্থাপন করেছেন জনজীবনে। তাঁর এই অবিস্মরণীয় ঐতিহ্য নতুনদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, দেশ ও সমাজের উন্নতির জন্য নিবেদিত আপনার জীবন তরুণদের জন্য সর্বদা অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। নিজের কাজ এবং চিন্তাভাবনার মাধ্যমে আপনি ভারতবাসীর হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।
মন্ত্রী বীরেন্দ্র কুমার বলেন, ভারতীয় রাজনীতির এক স্বনামধন্য ব্যক্তিত্ব; যিনি প্রজ্ঞা, সরলতা ও কর্মনিষ্ঠার প্রতীক, সেই প্রাক্তন রাষ্ট্রপতি এবং প্রণব মুখার্জির প্রয়াণবার্ষিকীতে সশ্রদ্ধ প্রণাম। একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, দক্ষ প্রশাসক এবং অর্থনৈতিক বিশেষজ্ঞ হিসেবে জাতীয় স্বার্থকে সর্বাগ্রে রেখে গণতান্ত্রিক মূল্যবোধ ও সংসদীয় ঐতিহ্যকে সুদৃঢ় করার ক্ষেত্রে তাঁর অমূল্য অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ