
কলকাতা, ১ সেপ্টেম্বর (হি.স.) : ফের জয় বাংলার। অনূর্ধ্ব-১৬ জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতা (পুরুষ)-এর ডা. বি. সি. রায় ট্রফির ফাইনালে উঠল বাংলা। মঙ্গলবার বেঙ্গালুরু ফুটবল স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ সেমিফাইনালের খেলায় এদিন উত্তরপ্রদেশকে ১-০ গোলে হারিয়ে শেষ দুইয নম্বরে জায়গা করে নিয়েছে বাংলার ছেলেরা। উল্লেখ্য, এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় উভয় দলকে। তবে সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে শেষ পর্যন্ত এগিয়ে থাকে বাংলার ফুটবলাররা।প্রথমার্ধের ২৯ মিনিটে আসে ম্যাচের একমাত্র গোল। বাংলার হয়ে জয়সূচক গোলটি করে - আজিজুল মণ্ডল। প্রসঙ্গতঃ মাঝমাঠ থেকে তৈরি হওয়া আক্রমণকে কাজে অনায়াসেই লাগিয়ে উত্তরপ্রদেশের রক্ষণ ভেঙে বল জালে জড়িয়ে দেন তিনি। যদিও গোল হজম করার পর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে উত্তরপ্রদেশ। এদিকে, দ্বিতীয়ার্ধের খেলায় বেশ কয়েকবার বাংলার রক্ষণে চাপও তৈরি করে তারা। কিন্তু বাংলার রক্ষণভাগ এবং গোলরক্ষকের দৃঢ়তায় শেষ পর্যন্ত গোলের ইতিবাচক মুখ খুলতে পারেনি উত্তরপ্রদেশ।
শেষ পর্যন্ত এক গোলের ব্যবধান ধরে রেখে ম্যাচ শেষ করে বাংলা। ফলে টুর্নামেন্টের শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল তারা। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য বিষয় হল যে, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল। সেখানে ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত