
চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, ১ সেপ্টেম্বর (হি.স.): মঙ্গলবার প্রবল বৃষ্টির জেরে মাটি নরম হয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা মাটির বাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-১ ব্লকের জাড়া গ্রাম পঞ্চায়েতের শোলা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শোলা গ্রামের বাসিন্দা কৃষক হারাধন রায় স্ত্রী ও প্রতিবন্ধী দুই সন্তানকে নিয়ে ওই মাটির বাড়িতে বসবাস করতেন। দীর্ঘদিন ধরেই বাড়িটির অবস্থা ভালো ছিল না। এদিন প্রবল বৃষ্টির মধ্যে বাড়ির মাটি নরম হয়ে যাওয়ায় আচমকাই বাড়িটির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বাড়ির পরিস্থিতি বুঝতে পেরে তার আগেই পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে আসেন। ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তাঁরা। তবে বাড়ির ভিতরে থাকা আসবাবপত্র ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়।
ঘটনার পর অসহায় হয়ে পড়েছে পরিবারটি। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূলের আমলে আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করেও তাঁরা বাড়ি পাননি। তাঁদের দাবি, প্রশাসনের কাছে বিষয়টি জানিয়ে দ্রুত হারাধন রায়ের পরিবারের জন্য সরকারি আবাসনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি, পরিবারটির পাশে থেকে প্রয়োজনীয় সাহায্য ও সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়