
আগরতলা, ১ সেপ্টেম্বর (হি.স.) : আত্মসমর্পণকারী জঙ্গিদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে মহাকরণে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা দাবিগুলি পর্যালোচনা করে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। বৈঠকে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি আত্মসমর্পণকারী জঙ্গিদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
মঙ্গলবার মহাকরণে ককলা জয় ত্রিপুরার নেতৃত্বাধীন আত্মসমর্পণকারী জঙ্গিদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আত্মসমর্পণকারী জঙ্গিদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দফতরের সচিব শশী কুমার, দফতরের অধিকর্তা সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা।
বৈঠকে আত্মসমর্পণকারী জঙ্গিদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে আত্মসমর্পণের পর তাঁদের পুনর্বাসন, সরকারি সুযোগ-সুবিধা এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে প্রতিনিধিরা মন্ত্রীর কাছে তাঁদের বক্তব্য তুলে ধরেন। দীর্ঘ আলোচনায় তাঁদের দাবিগুলি মনোযোগ দিয়ে শোনেন মন্ত্রী ও প্রশাসনের আধিকারিকরা।
বৈঠক শেষে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, আত্মসমর্পণকারীদের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলি গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হবে। সংশ্লিষ্ট দফতররগুলির সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
মন্ত্রী আরও বলেন, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা রাজ্যে শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলার মধ্য দিয়ে বিকশিত ত্রিপুরা নির্মাণের লক্ষ্যে কাজ করে চলেছেন। সেই বৃহত্তর লক্ষ্যে সমাজের সকল অংশের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন তিনি। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
অন্যদিকে, বৈঠক শেষে আত্মসমর্পণকারী জঙ্গি নেতা ককলা জয় ত্রিপুরা জানান, আত্মসমর্পণের পর ইতিমধ্যে প্রায় দুই বছর সময় পেরিয়ে গেলেও তাঁদের সমস্যাগুলির স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছিল না। দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আসছিলেন। কিন্তু প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় শেষ পর্যন্ত তাঁরা অবরোধ আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হন বলে জানান তিনি।
ককলা জয় ত্রিপুরার বক্তব্য অনুযায়ী, মঙ্গলবারের বৈঠকে তাঁদের পক্ষ থেকে একাধিক দাবি মন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে। মন্ত্রী তাঁদের সমস্ত বক্তব্য ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে শুনেছেন এবং দাবিগুলি পর্যালোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
বৈঠকের পর আত্মসমর্পণকারী জঙ্গিদের মধ্যে সরকারের প্রতি নতুন করে আশার সঞ্চার হয়েছে বলেও জানান ককলা জয় ত্রিপুরা। তিনি বলেন, তাঁরা আশা করছেন, সরকারের পক্ষ থেকে এবার তাঁদের দাবিগুলি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
তবে সরকারের আশ্বাস বাস্তবে কার্যকর না হলে ভবিষ্যতে তাঁরা পুনরায় আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন বলেও স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন ককলা জয় ত্রিপুরা। ফলে মঙ্গলবারের বৈঠককে ঘিরে একদিকে যেমন আত্মসমর্পণকারীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে, তেমনই তাঁদের দাবিগুলি কত দ্রুত বাস্তবায়িত হয়, এখন সেদিকেই নজর থাকবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ