
কলকাতা, ১০ সেপ্টেম্বর (হি. স.) : : পশ্চিমবঙ্গ বিধানসভায় বৃহস্পতিবার এক জবাবী ভাষণে রাজ্য উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানান যে, রাজ্যের মোট ৩১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখনও পর্যন্ত ৯টিতেই কোনো স্থায়ী ফ্যাকাল্টি বা শিক্ষক নিয়োগ করা হয়নি। শিক্ষক ও অধ্যাপকদের এই অনুপস্থিতি রাজ্য উচ্চ শিক্ষার দৈন্যদশাকেই স্পষ্ট করে তোলে উল্লেখ করে তিনি জানান, পূর্বতন সরকারের আমলে সব সময় অস্থায়ী ভিত্তিতেই নিয়োগ প্রক্রিয়া চালানো হয়েছিল।
শিক্ষামন্ত্রী জানান, পুরানো বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষা কর্মী থেকে শুরু করে শিক্ষক ও অধ্যাপকদের বদলির নীতিকে অগ্রাধিকার দেওয়ার উদ্দেশ্যেই সংশোধনী বিলটি আনা হয়েছে। বিধানসভায় এদিন ১৭১-১৫ ভোটের ব্যবধানে বিলটি পাশ হয়। এর ফলে রাজ্য সরকার আগামী দিনে কোচবিহার থেকে শুরু করে ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষক-কর্মীদের বদলির নির্দেশ কার্যকর করার আইনি অধিকার পেল।
উল্লেখ্য, ২০০৭ থেকে ২০১৯ সালের মধ্যে রাজ্যে সরকার পরিচালিত এমন ১০টি নতুন বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়েছিল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত